© প্রতিকী ছবি
যৌন নিপীড়নের অভিযোগে যশোরের চাঁদপাড়া দারুল উলুম খাদেমুল কুরআন মাদ্রাসার শিক্ষক রকিবউদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়ন করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে চাঁদপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিলন কুমার মণ্ডল তাকে গ্রেফতার করেন। শিশুটির দাদা ও চাচা অভিযোগ করেন, রকিব গত ২৬ অক্টোবর শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন।
বিষয়টি জানার পর ওই ছাত্রীর মা মাদ্রাসায় গিয়ে শিক্ষক রকিবউদ্দিনের কাছে কৈফিয়ত করেন। পরে এ নিয়ে স্থানীয়ভাবে আপস মীমাংসার চেষ্টা করা হয়। সোমবার সকালে সালিশ বৈঠকে রাকিবউদ্দিন ঘটনা স্বীকারও করেন। ওইদিন বিকালে পুলিশ তাকে গ্রেফতার করে।
এসআই মিলন কুমার মণ্ডল বলেন, ‘মেয়েটিকে ওই শিক্ষক ধর্ষণের চেষ্টা করেছেন। বিষয়টি জানতে পেরে তাকে গ্রেফতার করা হয়েছে।’
তবে অভিযোগ অস্বীকার করে মাদ্রাসা শিক্ষক রকিবউদ্দিন জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। তার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
জানতে চাইলে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘বিষয়টি লোকমুখে শুনেছি। এ ঘটনাকে কেন্দ্র স্থানীয় কয়েক ব্যক্তি অনৈতিক সুবিধা নেওয়ার জন্য সালিশ করে। কিন্তু আমাকে জানানো হয়নি।’
যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘শিশুটিকে যৌন নিপীড়নের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা (নম্বর ৭৯/২৮.১০.১৯) হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’