চাঁদা না দেয়ায় ‘বিএনপি’ বলে ফুল ব্যবসায়ীকে পেটাল ছাত্রলীগ নেতা

২৮ আগস্ট ২০১৯, ০৭:০৭ PM
জুয়েল মোল্লা

জুয়েল মোল্লা

চাঁদার টাকা না দেওয়ায় এক ফুল ব্যবসায়ীকে ‘বিএনপি’র কর্মী আখ্যা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। আজ বুধবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ের বটতলার একটি ফুলের দোকানে এই ঘটনা ঘটে।

মারধরের অভিযু্ক্ত জুয়েল মোল্লা কেন্দ্রীয় ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারী। মারধরের শিকার শামীম আহমেদ শাহবাগ বটতলা ক্ষুদ্র ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।

ফুল ব্যবসায়ী সমিতির নেতারা জানান, ইদুল আযহার আগে ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক জুয়েল মোল্লা ঈদের বকশিশ হিসেবে তাদের নিকট চাঁদা দাবি করেন। কিন্তু সেসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানান সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদ। তবে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে বিনামূল্যে ফুল দেওয়ার সম্মতি জানান শামীম।

তিনি বলেন, পরে গত ১৫ আগস্ট শোক দিবসে দুটি ‘ফুলের ডালা’ বিনা টাকায় নিয়ে যান জুয়েল। বিনা টাকায় কয়েকবার ফুল নিলেও বিভিন্ন সময় চাঁদার জন্য কল দিতেন জুয়েল। এক পর্যায়ে আজকে বিকেলে সমিতির সভাপতি কামাল মিয়াকে ফোন দিয়ে সমিতির কার্যালয়ে থাকতে বলেন জুয়েল। বিকেল সাড়ে চারটার দিকে ছয়জন নেতাকর্মী নিয়ে শাহবাগ বটতলা ক্ষুদ্র ফুল ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আসেন জুয়েল। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক বায়োজীদ কোতোয়াল জুয়েলের সঙ্গে ছিলেন।

তখন জুয়েল শামীম আহমেদকে ‘বিএনপি কর্মী’ আখ্যা দেন এবং বিএনপির বিভিন্ন কর্মসূচিতে বিনামূল্যে ফুল দেওয়ার অভিযোগ করেন। কিন্তু শামীম অভিযোগ অস্বীকার করলে তাকে চড়-থাপ্পড় মারেন জুয়েল। এসময় ঘটনাস্থলে উপস্থিত ছয়জন ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে চারজনই মারধরে অংশগ্রহণ করেন বলে অভিযোগ করেন সমিতির নেতারা।

মারধরের বিষয়ে শামীম আহমেদ বলেন, ‘ঈদের আগে থেকেই চাঁদার জন্য ফোন দিতে জুয়েল। কিন্তু ব্যবসার অবস্থা ভালো নয় বলে জুয়েলকে জানাই। তারপরও তিনি আমাকে ও সমিতির সভাপতিকে মাঝে মধ্যেই চাঁদার জন্য কল দিতেন। আজকে বিকেলে এসে আমাকে বিএনপি করি বলে মারধর করেন জুয়েল।’

মারধরের বিষয়ে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করেন জুয়েল মোল্লা। তিনি বলেন, ‘বিষয়টি হচ্ছে- গত কিছুদিন আগে আমাকে কিছু লোক তথ্য দেয় শাহবাগে বিএনপি-জামাতের কিছু লোক ফুল বিক্রি করে। এদের মধ্যে শামীম বিএনপি-জামাতের কয়েকটি দোকানের পৃষ্ঠ পোষকতা করে এবং বিভিন্ন সময় বিএনপির বিভিন্ন কর্মসূচিতে বিনামূল্যে ফুল দেয়। তাই, ছাত্রলীগের একজন দায়িত্বশীল হিসেবে বিষয়টি জিজ্ঞেস করার জন্য গত দুইদিন আগে আমি ফুল ব্যবসায়ীর সভাপতি ও সাধারণ সম্পাদককে কল দেই। কিন্তু তারা আমার কল ধরেনি। তাই আজকে বিকেলে বিষয়টি নিশ্চিত করার জন্য তাদের সমিতিতে গিয়ে বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করি।’

তবে তাদের কাউকে মারধর তো দূরের কথা স্পর্শও করেননি বলে দাবি করেন জুয়েল।

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতায় চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির সামজিক বিজ্ঞান অনুষদের ডিন নিয়োগ ঘিরে দিনভর নাটকীয়তা
  • ২২ এপ্রিল ২০২৬
স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ড. এম. এ. রহিমকে ডিআইইউর…
  • ২২ এপ্রিল ২০২৬
লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ সরকারের
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের মহাপরিচালক হলেন মিজ শাহীনা ফেরদৌসী
  • ২২ এপ্রিল ২০২৬