রিফাত হত্যার ঘটনায় বরিশাল নদীবন্দর থেকে আরো চার যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় তাদের আটক করা হয়। পুলিশের ধারণা, তারা পালিয়ে ঢাকায় যাওয়ার চেষ্টা করছিলেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নদীবন্দর থেকে চার যুবককে আটক করা হয়েছে।’
এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাত পর্যন্ত আরো তিনজনকে গ্রেফতার করেছে বরগুনা সদর থানার পুলিশ।
উল্লেখ্য, গত বুধবার সকালে রিফাত শরীফ তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকাকে বরগুনা সরকারি কলেজে নিয়ে গেলে সেখানে একদল যুবক তার ওপর হামলা করে। এ সময় তারা রিফাতকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় রিফাতের।
এরপর বুধবার রাতে রিফাতের বাবা ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পাঁচ থেকে ছয়জনকে আসামি করে বরগুনা সদর থানায় হত্যা মামলা করেন।