এবার আট হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দুপুরে নিজ বাড়ি থেকে এসআই হেলাল ও তার সোর্স থানার সুইপার মানিককে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই হেলালের বাসা থেকে আট হাজার পিস ইয়াবাসহ তাকে ও তার সহযোগী মানিককে আটক করা হয়েছে। এখনও অভিযান চলছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও মাদক উদ্ধার হতে পারে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, এটি থানার জন্য একটি নিন্দনীয় বিষয়। ওই এসআইয়ের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।