গ্রেফতার আল-আমিন
বাবার দেশ বাংলাদেশে এসে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পাকিস্তানি কিশোরী ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আল-আমিনকে (২০) গ্রেফতার করেছে র্যাব-১২-এর সদস্যরা। মঙ্গলবার সকালে কুড়িগ্রামের রাজিবপুর থানার পঞ্চনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল-আমিন টাঙ্গাইলের গোপালপুর এলাকার আবুল হোসেনের ছেলে।ধর্ষিতা হুমেরা বাবু (১৭) বাংলাদেশি বংশোদ্ভত। পাকিস্তানের করাচীর সরকারি এক স্কুলের নবম শ্রেণির ছাত্রী। বাবা হুমায়ুন কবীর বাংলাদেশের পোশাক ব্যবসায়ী। আর মা নীলুফার বেগম পাকিস্তানি নাগরিক। তাদের বাসা নিউ করাচীর সুপার হাইওয়েজ রোড়ে। ধর্ষণকারী আল-আমিন হুমেরার চাচাতো ভাই।
বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়ি এলাকায় র্যাব-১২-এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২-এর অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপালপুর এলাকার বাংলাদেশি এক নাগরিক চাকরির সুবাদে পাকিস্তানে বসবাস করেন। প্রায় ২০ বছর আগে তিনি পাকিস্তানের এক মেয়েকে বিয়ে করে সেখানকার নাগরিক হয়ে যান। তাদের সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়। পাঁচ মাস আগে তাদের কন্যা পিতৃভূমি দেখতে তার মাকে সঙ্গে নিয়ে গোপালপুরে চাচার বাড়িতে বেড়াতে আসেন।
এর আগে ধর্ষণের শিকার কিশোরীর মা বলেন, ২০ বছর আগে টাঙ্গাইলের উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা পোশাক ব্যবসায়ী হুমায়ুন কবিরের সঙ্গে আমার বিয়ে হয়। বেশ কয়েক বছর একাই কাটে আমাদের সংসার। পরে আমাদের সংসারে এক কন্যাসন্তানের জন্ম হয়।
তিনি বলেন, গত বছর খবর পাই বাংলাদেশে বসবাসকারী আমার শাশুড়ি খুবই অসুস্থ। মেয়েরও খুব ইচ্ছা ছিল দাদিকে দেখার। তাই ছয় মাসের ভিসা করে মেয়েকে নিয়ে শাশুড়িকে দেখতে স্বামীর বাড়ি বেড়াতে আসি। বাংলাদেশে এসে টাঙ্গাইলের উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা ভাসুর আব্দুল ওয়াদুদের বাড়িতে উঠি। এখানে ওঠার পর থেকে আরেক ভাসুর আবুল হোসেনের বখাটে ছেলে আল-আমিন আমার মেয়েকে উত্ত্যক্ত করে। বেশ কয়েকবার শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনার পরপরই পারিবারিকভাবে বিষয়টির মীমাংসা করা হয়। তবে আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসার খবর পেয়ে বখাটে আল-আমিন ক্ষুব্ধ হয়ে ওঠে। ১৬ এপ্রিল রাতে একদল সন্ত্রাসীর সহযোগিতায় আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় আল-আমিন। পরে মেয়েকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়।
আরো দেখুন: বাবার দেশ বাংলাদেশে এসে ধর্ষিত হলেন পাকিস্তানি ছাত্রী