শাহবাগে পুলিশের ড্রাইভিং লাইসেন্স চেক করছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো
নিরাপদ সড়কের দাবিতে সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে আশেপাশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন।
আন্দোলনের একপর্যায়ে সেখান দিয়ে চলাচলকারী বিভিন্ন গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে দেখা শুরু করেন তারা। একপর্যায়ে পুলিশের দুই সদস্যের লাইসেন্সও চেক করতে গিয়ে তা তাদের সাথে পাননি শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনের সময় দুই পুলিশ সদস্য ওই এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে যেতে চাইলে তাদের পথরোধ করেন শিক্ষার্থীরা। এসময় তাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স দেখতে চান তারা। তবে ওই দুই পুলিশ সদস্য তাদের বৈধ লাইসেন্স দেখাতে পারেননি।
এর কারণ জানতে চাইলে তাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে বলে দাবি করেন। তবে সাথে নেই বলে জানান তারা। এরমধ্যে একজন রাজধানীর পল্টন থানার উপ পরিদর্শক (এস আই) পরিচয় দেওয়া রেজাউল বলেন, তার ড্রাইভিং লাইসেন্স আছে, তবে তা বাসায় রয়েছে।
সেখানে উপস্থিত আন্দোলনকারী ছাত্র হৃদয় বলেন, ‘প্রতিনিয়ত আমরা দেখছি ঢাকাসহ সারা বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় সাধারন মানুষসহ শিক্ষার্থীরা প্রাণ হারাচ্ছে। সেই মৃত্যুর মিছিলে আবরার সবর্শেষ যোগ হয়েছে। আমরা এই সড়ক ব্যবস্থাপনার আমুল পরিবর্তন চাই এবং বলতে চাই, ভুয়া ড্রাইভার নিপাত যাক, নিরাপদ সড়ক মুক্তি পাক।’
অপর ছাত্র নজীব বলেন, ‘আমরা আবরারের মত আর কোন ভাই, বন্ধুকে হারাতে চাই না। বাংলাদেশের দুর্বল ব্যবস্থাপনার কারণে আমরা আবরারকে হারিয়েছি। আমরা চাই বাংলাদেশ সরকার যেন সড়ক ব্যবস্থার আমুল পরিবর্তন করে।’
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর কুড়িলের যমুনা ফিউচার পার্কের সামনে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বাসে ওঠার সময় পেছন থেকে সুপ্রভাত পরিবহনের একটি বাস বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ দুর্ঘটনার পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামে।
গতকাল দিনভর বসুন্ধরা গেটের সামনে অবস্থান করে বিকেলের দিকে কর্মসূচি স্থগিত করেন তারা। আজ সকাল থেকে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পাশেই অতিরিক্ত পুলিশ অবস্থান নিয়েছে। বসন্ধুরা গেট ছাড়াও রাজধানীর বিভিন্ন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বর্জন করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থী।