প্রতীকী ছবি © সংগৃহীত
পিরোজপুরের নাজিরপুরে প্রাথমিকের এক স্কুল শিক্ষককে মারধর করেছেন দেউলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলিউল্লাহ। লাঞ্ছনার শিকার মো. আইজউদ্দিন রানা উপজেলার ৩২ নম্বর মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গতকাল শনিবার সকালে এই ঘটনা ঘটে।
শিক্ষক মো. আইজুদ্দিন বলেন, শনিবার সকালে উপজেলার গাওখালী থেকে ট্রলারযোগে স্কুলে যাওয়ার পথে ওই ইউপি চেয়ারম্যান স্কুলে যেতে দেরি হচ্ছে কেন জানতে চান। আমি তাকে বললাম সঠিক সময়ে বাড়ি থেকে বের হয়েছি কিন্তু খালে প্রচুর কচুরিপানা থাকায় পৌছাতে বিলম্ব হয়েছে। কিন্তু এ কথা বলার পরও চেয়ারম্যান লোকজনের সামনেই আমাকে মারধর শুরু করেন।
তিনি আরো বলেন, গত ইউপি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কাজ করায় তিনি আমার ওপর ক্ষিপ্ত ছিলেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ওয়ালিউল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই শিক্ষক সম্পর্কে আমার ভাতিজা হয়। সে নিয়মিত স্কুলে যায় না। সেদিন আমি তার কাছে বিলম্বে স্কুলে যাওয়ার কারণ জানতে চাইলে সে আমার ওপরে ক্ষিপ্ত হয়ে খারাপ ব্যবহার করে। তাই আমি তাকে একটা ধাক্কা দিয়েছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার মো. আতিকুর রহমান জুয়েল বলেন, এ ঘটনায় আমি এখনও কেই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।