ফেক আইডি খুলে কলেজছাত্রীর প্রেমের ফাঁদ © সংগৃহীত
রাজধানীর মিরপুরে ফেক আইডি খুলে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন– সুমাইয়া আক্তার খুশি ওরফে মারিয়া ইসলাম (১৯), মো. মুসলিম উদ্দিন মুন (২২) ও খন্দকার শাওন (২৮)। এ ঘটনায় মোসা. তন্নি আক্তার (২০) নামে আরও একজন পলাতক রয়েছেন। রোববার (৯ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর মিরপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার মারিয়া কলেজ শিক্ষার্থী। তিনি রূপনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
তিনি বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছিল। চক্রের মূল মারিয়া এবং তার বান্ধবী তন্নী। তারা বিভিন্ন ফেক আইডি খুলে ছেলেদের সঙ্গে প্রেমের অভিনয় করে।
আরও পড়ুন: অমতে বিয়ে ও স্বামীর নির্যাতনে চবি ছাত্রীর আত্মহত্যা, দাবি ভাইয়ের
এরপর সেই ছেলেদের মিরপুর বাসায় নিয়ে আসে। পরিকল্পনা অনুযায়ী বাসায় ঢোকামাত্র মারধর করে নগ্ন করে ভিডিও ধারণ করত তারা। এ কাজে এ দুই বান্ধবীকে সহায়তা করত তাদের বন্ধু শাওন ও মুন। এরপর তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতো তারা।
ওসি মো. মহসীন আরও বলেন, আগে একই পদ্ধতিতে হানিফ নামের একজনকে জিম্মি করে ৮৫ হাজার টাকা আদায় করে তারা। পরে পুলিশে অভিযোগ করলে তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ৫৪ হাজার টাকা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।