যৌন হয়রানির অভিযোগে নোয়াখালীতে এক শিক্ষক গ্রেপ্তার হয়েছেন © প্রতীকী ছবি
নোয়াখালীর চাটখিল উপজেলায় এক ছাত্রীকে (১৪) যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। ওই শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, উপজেলার তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এর আগে শনিবার প্রাইভেট পড়তে গেলে বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি করেন গণিত বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম (৩২)। তিনি করিহাটি গ্রামের হোসাইন আহম্মদের ছেলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার পাল জানান, শনিবার বিদ্যালয়ের একটি ভবনে সাইফুল ইসলামের কাছে প্রাইভেট পড়তে যায় ওই ছাত্রী। সেখানে সাইফুল তাকে যৌন হয়রানি করেন। কে বা কারা এ ধরনের ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করে। রোববার বিদ্যালয়ে গিয়ে দেখি অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরো পড়ুন: গরু চুরির মামলায় জামিন মেলেনি সেই ছাত্রলীগ নেত্রীর
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বিদ্যালয় থেকে।