নাজমুল আবেদীন ফাহিম ও এম নাজমুল ইসলাম © সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্পোর্টস উইং হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’। সংগঠনটির আহ্বায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন ক্রীড়া সংগঠক নাজমুল আবেদীন ফাহিম। তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও অর্থ কমিটির সাবেক প্রধান এম নাজমুল ইসলাম সদস্যসচিব হতে পারেন।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত থাকবেন।
এদিকে, এনসিপির একাধিক সূত্র জানিয়েছে, নতুন এই সংগঠনে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদেরও যুক্ত করা হচ্ছে। শুরুতে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে সংগঠনটির পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
নাজমুল আবেদীন ফাহিম ১৯৮৮ সালে বিকেএসপিতে কোচিং শুরু করেন। পরে ২০০৫ সালে বিসিবিতে যোগ দিয়ে হাই পারফরম্যান্স দলের জ্যেষ্ঠ কোচ, অনূর্ধ্ব-১৯ দলের প্রশিক্ষক ও গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। মাঝে ২০১৭ সালে নারী ক্রিকেট দলের দায়িত্ব নিয়ে ২০১৮ সালে এশিয়া কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে ২০১৯ সালের সেপ্টেম্বরে বিসিবি থেকে পদত্যাগ করেন।
অন্যদিকে, গত জানুয়ারিতে টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন এম নাজমুল ইসলাম। খেলোয়াড়দের দাবির মুখে তাকে বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরানো হলেও পরে আবারও সেই দায়িত্বে ফেরানো হয়।
এ নিয়ে অনেক নাটকীয়তা শেষে বিসিবি খেলোয়াড়দের প্রতিশ্রুতি দিয়েছিল, নিজের বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করবেন নাজমুল। তবে শেষপর্যন্ত কথা রাখেনি দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।