বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ © টিডিসি ফটো
দ্বিতীয় সেশনের শুরুতেই দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দিল বাংলাদেশ। নাঈম হাসানের ঘূর্ণিতে মাত্র ২৪৫ রানেই থামে ক্যারিবীয়দের প্রথম ইনিংস। ফলে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।
বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন নাঈম হাসান। ৩৩ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। শেষ ব্যাটার জেইডেন সিলসকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ইতি টানার পাশাপাশি ক্যারিয়ারের ৫০তম টেস্ট উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন এই অফ স্পিনার।
দিনের খেলা শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে। ক্রিজে ছিলেন ত্যাগনারায়ণ চন্দরপল ও জাস্টিন গ্রিভস। শুরু থেকেই ইতিবাচক ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করেন এই দুই ব্যাটার।
ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি চন্দরপল। ১৮৪ বল মোকাবিলায় ৫৬ রান করে শরিফুল ইসলামের বলে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর জাস্টিন গ্রিভসের সঙ্গে জুটি গড়েন অধিনায়ক রোস্টন চেইজ।
আরও দেখুন: বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসক-নার্সসহ বিভিন্ন পদে নিয়োগ
দুজনের সাবলীল ব্যাটিংয়ে ধীরে ধীরে এগোতে থাকে ক্যারিবীয়দের ইনিংস। গ্রিভস এগোচ্ছিলেন অর্ধশতকের দিকে, অন্যদিকে চেইজও ছিলেন বেশ আত্মবিশ্বাসী। তাদের জুটিতে বাংলাদেশের প্রথম ইনিংসের লিড টপকে যাওয়ার সম্ভাবনা জোরালো হয়ে ওঠে।
তবে লাঞ্চের ঠিক আগের বলে গ্রিভসকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন নাঈম হাসান। ১০৩ বলে ৪৬ রান করে বিদায় নেন এই ব্যাটার। ফলে ৬ উইকেটে ২১৩ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ।
বিরতির পর দ্বিতীয় সেশনে আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। এক প্রান্ত আগলে রেখে রোস্টন চেইজ লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। মাত্র ১১ রানের ব্যবধানে শেষ চার উইকেট হারিয়ে ২৪৫ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
আরও দেখুন: পদ ৯০৩, ১১ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নি য়োগ পরীক্ষার তারিখ ঘোষণা
এই ধসের মূল কারিগর নাঈম হাসান। শেষ চার উইকেটের তিনটিই তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারের ৫০তম টেস্ট উইকেটের মাইলফলকও স্পর্শ করেন এই স্পিনার। অন্যদিকে এক প্রান্তে লড়াই চালিয়ে ৪৩ রানে অপরাজিত থাকেন অধিনায়ক চেইজ।
নাঈমের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে আটকে দিয়ে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সেই লিড আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ টাইগারদের সামনে।