নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত
আগামী শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এই টেস্টের আগে আলোচনায় সেখানকার আবহাওয়া। যদিও আবুধাবির গরম কন্ডিশনকে কোনো অজুহাত নয়, বরং নতুন চ্যালেঞ্জ হিসেবে নিয়েই পূর্ণ মনোনিবেশ করতে চাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস, সবকিছু ঠিকঠাক থাকলে ভালো একটি টেস্ট উপহার দিতে পারবেন তারা।
বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের ভালো একটি সিরিজ গেছে। কিন্তু সেটি এখন অতীত। এটি নতুন কন্ডিশন, নতুন প্রতিপক্ষ। তাই আমাদেরও সেভাবেই পরিকল্পনা করতে হবে। এখানকার কন্ডিশন অবশ্যই আলাদা। দলের কয়েকজন ক্রিকেটার একটু আগে এসে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে, যা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে। আমার বিশ্বাস, খেলোয়াড়েরা প্রস্তুত এবং তারা কন্ডিশন ও প্রতিপক্ষের সঙ্গে মানিয়ে নিতে পারবে।’
আবুধাবির গরম নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় প্রস্তুতি ভালো হয়েছে। কন্ডিশন একটু গরম, এটা থাকবেই। তবে আমরা পেশাদার খেলোয়াড় হিসেবে এটাকে কোনো অজুহাত হিসেবে দেখতে চাই না। আমার মনে হয়, খেলোয়াড়েরাও এসব নিয়ে খুব বেশি চিন্তা করছে না। ব্যক্তিগতভাবে আমার রিকভারি ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন সুস্থ আছি। গত দুই দিন অনুশীলন করেছি এবং ভালো অনুভব করছি।’
আবুধাবির উইকেট নিয়েও আশাবাদী শান্ত। তার ভাষ্য, ‘গতকাল উইকেটটা একটু দেখার সুযোগ হয়েছে। আজকে আবার দেখব। দেখে ভালোই মনে হয়েছে। হয়তো কিছুটা ধীর থাকতে পারে। তবে আমার মনে হয় ব্যাটিংয়ের জন্য ভালো হবে। আশা করছি, খুব ভালো একটি টেস্ট ম্যাচ হবে।’
গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতিও তুলে ধরে শান্ত বলেন, ‘গত কয়েক বছর আমরা বিশেষ করে টেস্টে ভালো ক্রিকেট খেলছি। টেস্ট দল হিসেবে আমরা এটাই করতে চেয়েছি। কীভাবে এই সংস্করণে আরও উন্নতি করা যায়, তা নিয়ে দেশে আমরা অনেক পরিশ্রম করছি। গত কয়েক বছরে ভালো করেছি, কিন্তু এখনো অনেক জায়গায় উন্নতি করতে হবে। ভিন্ন প্রতিপক্ষ ও ভিন্ন কন্ডিশনে খেলেও আমাদের ধারাবাহিক হতে হবে।’
জয়ের লক্ষ্য জানিয়ে শান্ত বলেন, ‘দুই বোর্ডের মধ্যে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। গত বছর আমরা এখানে সিরিজ খেলেছি। তবে এবার সংস্করণটা ভিন্ন। অনেক দিন পর আমরা টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছি। আমরা খুবই রোমাঞ্চিত। আমার বিশ্বাস, দুই দলই এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং জিততে চাইবে। বাংলাদেশ দল হিসেবে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।’