নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত
প্রচন্ড জ্বর নিয়ে এশিয়ান গেমস থেকে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। দেশে ফিরে ইতিমধ্যে ডাক্তার দেখিয়েছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হলেও আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন না তিনি। তবে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিসের আশা, সিরিজ শুরু আগে সঠিক সময়েই দলের সঙ্গে যোগ দিতে পারবেন শান্ত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাফিস বলেন, ‘শান্ত কিছুটা জ্বরে ভুগছিল। আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে এশিয়ান গেমস থেকে বাংলাদেশে নিয়ে এসেছি। সে গতকাল রাতে বাংলাদেশে ফিরেছে। আজ সে ডাক্তার দেখিয়েছে। তবে আজ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এবং ডাক্তার যে মূল্যায়ন করেছেন, তাতে সে সুস্থতার দিকে এগোচ্ছে। আমরা খুবই আশাবাদী, যথাসময়ে সে দলের সঙ্গে যোগ দিতে পারবে।’
আবুধাবিতে আগামী ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে বৃহস্পতিবার রাতের ফ্লাইটে টেস্ট দলের একটা অংশ দেশ ছাড়বে। জাপানে এশিয়ান গেমস শেষে সরাসরি দলে যোগ দেবেন বাকিরা। তবে জ্বর নিয়ে দেশে ফেরা শান্ত দলের সঙ্গে যাচ্ছেন না।
শাহরিয়ার নাফিস বলেন, ‘যদিও সে আগামীকাল দলের সঙ্গে যাচ্ছে না, আমাদের মূল টুর্নামেন্ট ও সিরিজ (প্রস্তুতি ম্যাচ থেকে) তো (৪ ও) ৫ তারিখ থেকে শুরু হচ্ছে। আমরা বিশ্বাস করি, যথাসময়ে সুস্থ শান্তকে আমরা পাব, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আগামী দুই-তিন মাসে আমাদের যে গুরুত্বপূর্ণ ক্রিকেট আছে, সেগুলো বিবেচনায় নিয়েই দল গঠন করবে। অন্তত এখন পর্যন্ত তারা সেভাবেই করেছে এবং এই সিরিজেও, ইনশাআল্লাহ, এর ব্যতিক্রম হবে না।’