বিসিবি © টিডিসি সম্পাদিত
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন কাঠামো চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটকে একই লিগ কাঠামোর আওতায় এনে নতুন এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘ডমেস্টিক থ্রি’।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিসিবি সভাপতি তামিম ইকবালের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ডমেস্টিক থ্রি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু ও লোগো উন্মোচন করা হয়। নতুন এই কাঠামোর অধীনে ক্রিকেটাররা একই ফ্র্যাঞ্চাইজির হয়ে তিন ফরম্যাটেই খেলার সুযোগ পাবেন।
‘ডমেস্টিক থ্রি’তে অংশ নেবে মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি। বিসিবি জানিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যানেজমেন্ট ড্রাফট। এতে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তিনজন কোচের পাশাপাশি একজন করে অ্যানালিস্ট, ট্রেইনার ও ফিজিও নিয়োগ দিতে পারবে।
টুর্নামেন্টের প্রথম পর্ব বরিশাল থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ভেন্যু হিসেবে খুলনাকে বিবেচনা করা হচ্ছে। তবে খুলনাকে চূড়ান্ত করা সম্ভব না হলে বিকল্প হিসেবে ঢাকায় আয়োজন করা হবে।
আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম। প্রতিটি দল সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার দলে নিতে পারবে।
পুরো মৌসুমে ‘ডমেস্টিক থ্রি’র অধীনে মোট ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে এনসিএল টি-টোয়েন্টিতে ১৯ ম্যাচ, চার দিনের প্রথম শ্রেণির প্রতিযোগিতায় ৭ ম্যাচ এবং ওয়ানডেতে ১৬ ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী ১৫ ডিসেম্বর বরিশাল থেকে শুরু হবে টি-টোয়েন্টি পর্ব। নতুন এই ঘরোয়া ক্রিকেট কাঠামোয় ৬টি ফ্র্যাঞ্চাইজি হলো—ফরচুন গ্রুপ, ব্লু স্টার লিমিটেড, সিটিজেন ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ ও সেভেন রিংস।