এলপিএল ফাইনাল

জাতীয় পতাকায় অটোগ্রাফ দিয়ে আলোচনায় সাকিব আল হাসান

০৯ আগস্ট ২০২৬, ১১:২৯ AM
 সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন অনুপস্থিত সাকিব আল হাসান। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো নিজের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। এবার লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনাল শেষে জাতীয় পতাকায় অটোগ্রাফ দিয়ে ভক্তদের ভালোবাসা কুড়িয়েছেন সাকিব।

শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গল গ্ল্যাডিয়েটর্স ও জাফনা কিংসের ফাইনাল শেষে ড্রেসিংরুমে ফিরছিলেন সাকিব। এ সময় গ্যালারি থেকে এক বাংলাদেশি ভক্ত তাঁকে ডাক দেন। লাল-সবুজের পতাকা হাতে ভক্তকে দেখে সাকিবও এগিয়ে যান। এরপর বাংলাদেশের জাতীয় পতাকার ওপর অটোগ্রাফ দেন তিনি।

এরপর এক খুদে ভক্তও সাকিবের কাছে এগিয়ে আসে। ছোট একটি ব্যাট তাঁর হাতে তুলে দিলে সেখানেও অটোগ্রাফ দেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সাকিবের এমন আচরণের ছবি ও ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফাইনালে জাফনা কিংস হেরে গেলেও বল হাতে সাকিব ছিলেন কার্যকর। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিনি নিয়েছেন ২ উইকেট। গল গ্ল্যাডিয়েটর্সের টমাস রজার্স ও দিনুরা কালাপাহানাকে ফেরান তিনি। ২৪ বলের মধ্যে ১৫টি ছিল ডট বল।

তবে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি সাকিব। টস জিতে আগে ব্যাটিং করা জাফনা কিংস ১৯.৩ ওভারে ১২৩ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন কামিল মিশারা। সাকিবের ব্যাট থেকে আসে ৯ রান। বাংলাদেশের আরেক ক্রিকেটার তাওহীদ হৃদয় করেন ১০ রান।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় পায় গল গ্ল্যাডিয়েটর্স। ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান চারিত আসালাঙ্কা।

এবারের এলপিএলে ব্যাট হাতে চার ইনিংসে ৪১ রান করেছেন সাকিব। তাঁর ব্যাটিং গড় ২০.৫ এবং স্ট্রাইক রেট ১১৭.১৪। বল হাতে ৭.৭৯ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট।

ফাইনাল শেষে শিরোপা জিততে না পারলেও সাকিবের জাতীয় পতাকার প্রতি সম্মান এবং ভক্তের আবদার পূরণের মুহূর্তটি আলাদা করে নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেটিই এখন আলোচনার অন্যতম বিষয়।

শাবিপ্রবিতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের চিহ্নিত…
  • ০৯ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খুঁটিনাটি জেনে নিন
  • ০৯ আগস্ট ২০২৬
বাগেরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০৯ আগস্ট ২০২৬
২০২৬ সালের আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সময়সূচি
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে ভর্তির আবেদনের শর্ত প্রকাশ, কোন ইউনিটের পরীক্ষা কবে?
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহ বিএনপির
  • ০৯ আগস্ট ২০২৬