ফাইল ছবি
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য বাস ভবনে ভাঙচুরের ঘটনার মামলায় গ্রেফতার ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার যুগ্ম আহ্বায়ক এ পি এম সুহেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার বিকেলে ঢাকা মহানগর হাকিম জিয়াউল ইসলাম এই আদেশ দেন।
এর আগে দুপুরে সুহেলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় শাহবাগ থানায় দায়ের করা উপাচার্য বাস ভবনে ভাঙচুরের অভিযোগে করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তারের চামেলীবাগের বাসা থেকে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়।
পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় নাশকতা ও ভাঙচুরের অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় সুহেলকে গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে পাঠানো হবে।