জয়পুরহাট
জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষার কেন্দ্র জয়পুরহাট সরকারি মহিলা কলেজ। © সংগৃহীত ছবি
জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা শুরুর মাত্র ১০ মিনিট আগে স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে পরীক্ষা স্থগিতের নোটিশ দেওয়া হয়। এদিন সকাল ১০টায় জেলা শহরের জয়পুরহাট সরকারি মহিলা কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এদিকে আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়োগের জন্য কালাই উপজেলার এক প্রার্থীর কাছ থেকে ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ছড়িয়ে পড়ে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে পরীক্ষা স্থগিতের নোটিশ দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।
তবে কালাই ডিগ্রি কলেজের নিয়োগ পরীক্ষা কলেজের নিজস্ব প্রাঙ্গণে না নিয়ে জেলা শহরের জয়পুরহাট সরকারি মহিলা কলেজে আয়োজন করা হয়েছিল। কিন্তু পরীক্ষা শুরুর মাত্র ১০ মিনিট আগে তা স্থগিত হওয়ায় দূরদূরান্ত থেকে আসা প্রার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। একই সঙ্গে পরীক্ষা স্থগিতের সুনির্দিষ্ট কারণ নিয়েও তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, হিসাব সহকারী পদে নিয়োগের জন্য মোট ১৪ জন প্রার্থী আবেদন করেছিলেন। শুক্রবার সকালে তাদের মধ্যে ছয়জন পরীক্ষা দিতে জয়পুরহাট সরকারি মহিলা কলেজে উপস্থিত হন। তাদের একজন ছিলেন ঘুষ দেওয়ার অভিযোগ ওঠা প্রার্থী আবু রায়হান মন্ডল।
এবিষয়টি অস্বীকার করে পরীক্ষার্থী আবু রায়হান মন্ডল বলেন, সকাল ১০টায় পরীক্ষা হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়েও পরীক্ষা আয়োজনের কোনো লক্ষণ দেখা যায়নি। কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করেননি তিনি।
এদিকে জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, নিয়োগ বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে তিনজন নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়েছিলেন। কিছুক্ষণ পর কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম প্রামাণিকও আসেন। তবে নিয়োগ বোর্ডের সদস্য ও কলেজের সভাপতি তাজ উদ্দিনকে তিনি দেখতে পাননি। তার সঙ্গে মুঠোফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
অন্যদিকে কালাই ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিনের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিদপ্তরের (ডিজি) প্রতিনিধি উপস্থিত না হওয়ায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ফেসবুকে অনেক কিছুই প্রচার হয়। টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।
নিয়োগ বোর্ডে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার। তিনি বলেন, অনিবার্য কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা স্থগিতের কারণ উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন দেবেন তিনি।
অধ্যক্ষ জাহাঙ্গীর আলম নিয়োগ বোর্ডে অধিদপ্তরের (ডিজি) প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বক্তব্য অনুযায়ী, নির্ধারিত সময়ে বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে তিনজন উপস্থিত ছিলেন। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম প্রামাণিকও উপস্থিত হন। তবে কলেজের সভাপতি না আসায় বোর্ডের কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম প্রামাণিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কার দায়িত্ব পালনের কথা ছিল এবং তিনি উপস্থিত ছিলেন কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।