এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুরু কাল © সংগৃহীত
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্সের ২২তম ব্যাচে ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ৯ নভেম্বর অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি বা সমমান পাস শিক্ষার্থীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। আগামীকাল ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে (www.fscdtraining.com) গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ঢাকা ক্যাম্পাসে মর্নিং ও ইভিনিং উভয় শিফটে ভর্তির সুযোগ থাকলেও চট্টগ্রাম ক্যাম্পাসে কেবল ইভিনিং শিফটে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রস্তুতি নিতে হবে। আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টায় অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশের পর আগামী ২৩ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পাসে ভর্তি হওয়া যাবে। সাপ্তাহিক ছুটির দিনেও ভর্তি কার্যক্রম চলবে।
আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে কোর্সটির ক্লাস শুরু হবে। ছয় মাস মেয়াদি এই কোর্সে প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার ক্লাস পরিচালিত হবে। মর্নিং শিফট সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং ইভিনিং শিফট দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে বিশেষ কোনো পরিস্থিতিতে অনলাইনেও ক্লাস পরিচালনা করা হতে পারে।
কোর্সটিতে অগ্নি নিরাপত্তা, অনুসন্ধান, উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসাসহ ব্যবহারিক ক্লাসের সুযোগ রয়েছে। কোর্স সম্পন্ন করার পর বিভিন্ন কলকারখানা ও বহুতল ভবনের পাশাপাশি মেট্রোরেল, পাওয়ার প্ল্যান্ট ও ইকোনমিক জোনের মতো মেগা প্রকল্পে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত পদে চাকরির সুযোগ পাওয়া যাবে।