রাবিতে আন্দোলনকারীদের পতাকা মিছিলে ছাত্রলীগের হামলা, রক্তাক্ত

০২ জুলাই ২০১৮, ০৮:২৮ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের পতাকা মিছিলে হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার বিকেলে ক্যাম্পাসের প্রধান ফটকে এ হামলায় বেশ কয়েকজন আহত হন। রক্তাক্ত অবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পতাকা মিছিল বের করেন ২০-৩০ জন শিক্ষার্থী। তারা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা বিনোদপুর থেকে ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের দিকে আসছিলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়ে সামনে পুলিশ অবস্থান নেয়। বন্ধ ফটকের ভেতরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন নেতাকর্মী অবস্থান নেন। আন্দোলনকারীরা প্রধান ফটকের দিকে আসতেই ছাত্রলীগের নেতাকর্মীরা ফটকের ভেতর থেকে বের হয়ে এসে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। 

কয়েকজন আন্দোলনকারীদের মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মহাসড়কে কোটা সংস্কার আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তারেক পড়ে গেলে তার ওপর চড়াও হন ছাত্রলীগের নেতা-কর্মীরা। লাঠি, হাতুড়ি ও জিআই পাইপ দিয়ে তাকে বেধড়ক মারধর করেন ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমান সিনহা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কর্মী লতিফুল কবির মানিকসহ কয়েকজন। পরে পুলিশ এসে তারেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তরিকুল ইসলাম ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার পা ও মাথায় গুরুতর জখম হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

কোটা সংস্কার আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। এ সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়ে পুলিশের সামনেই মারধর করে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মারধরের বিষয় অস্বীকার করে বলেন, তারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল। তাই তাদের প্রতিহত করেছি।

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে প্রধান ফটকের সামনে আসছিল। এ সময় ছাত্রলীগ ও তাঁদের মধ্যে হাতাহাতি হয়েছে বলে জেনেছি। এতে একজন আহত হওয়ার কথা শুনেছি।

হর্ন বাজিয়ে ভাল্লুকের ঘুম ভাঙানোয় গুনতে হলো ৭ লাখ টাকা জরিম…
  • ১৬ আগস্ট ২০২৬
মমতা সরকারের সাবেক মন্ত্রীর মরদেহ উদ্ধার, পাশে পাওয়া গেল চি…
  • ১৬ আগস্ট ২০২৬
সাত জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১৬ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ২০ আগস্ট পর্য…
  • ১৬ আগস্ট ২০২৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
এমনভাবে জ্ঞান অর্জন করবে, যেন সারা পৃথিবীর মানুষের চিকিৎসায়…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage