শনিবার কোটা আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলন, ছাত্রলীগের হুমকি

২৯ জুন ২০১৮, ১১:৩৭ PM
কোটা আন্দোলনের পক্ষ-বিপক্ষের ফেসবুক স্ট্যাটাস

কোটা আন্দোলনের পক্ষ-বিপক্ষের ফেসবুক স্ট্যাটাস

সরকারি চাকরিতে কোটা সংস্কারের ব্যাপারে কোন ঘোষণা না আসায় শরিবার সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর নেতারা। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের নেতারা কোটা সংস্কার আন্দোলনে যুক্ত থাকা নেতাদের বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার থেকে এ ধরণের হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর যুগ্ন অাহ্বায়ক রাশেদ খাঁনকে হুমকি দিয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, ‘শিবির রাশেদ তার আসল পরিচয় প্রকাশ করল....কারণ সে জামায়াত-শিবিরের এজেন্ট হিসাবে যে কোন ভাবেই সরকারের বিরুদ্ধে সাধারন শিক্ক্ষার্থীদের ব্যাবহার করতে চায়। রাশেদ শিবির প্রমাণিত হওয়ায় তাকে সূর্যসেন হল থেকে বের করে দেওয়া হয়েছিল...... রাশেদ কে অবিলম্বে গ্রেফতার করা হোক...না হয় বাংলার ছাত্র সমাজ ধোঁকা দেওয়ার অপরাধে তোকে ছার পোকার মত পিটাবে...’।  তবে রাশেদ খাঁন জানান, তাকে সূর্যসেন হল থেকে বের করে দেয়া হয়নি। ছাত্রলীগ হুমকি দেয়ায় ছেড়েছেন।

এদিকে, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সাকিব হাসান সুইম রাশেদ খাঁনকে হুমকি দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘শিবির রাশেদ তোর কলিজাটা অনেক বড় হয়ে গেছে। মাপটা সামনাসামনিই নিবো।’

ছাত্রলীগের ঢাবি শাখার স্যার এএফ রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষারও কোটা সংস্কার আন্দোলনকারীদের হুমকি দিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে খাতা এবং কলম তুলে দিয়েছেন তাইতো ছাত্রলীগের নেতাকর্মীরা পড়ার টেবিলে থাকতে সস্বাচ্ছন্দ্যবোধ করে। কিন্তু আপনারা যদি ষড়যন্ত্র করতে চান তাহলে এদেশের স্বার্থে, এদেশের মানুষের স্বার্থে, এদেশের মানুষের ভাতের এবং ভোটের অধিকার রক্ষায় সর্বোপরি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রয়োজনে ছাত্রলীগ যতটা পড়ার টেবিলকে ভালবাসে ঠিক ততটা ভালবাসে রাজপথকে। রাজপথে থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।’

কেন্দ্রীয় ছাত্রলীগের আরেক সাবেক সহ-সভাপতি ইমতিয়াজ বাপ্পি ফেসবুকে রাশেদ খাঁনকে হুমকি দিয়ে ফেসবুকে লেখেন, ‘কোটা ফোটা আর বুঝিনা আমাদের একমাত্র আশ্রয়ের জায়গা দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে যারা ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবে সে যেই হোক আর যত বড় ব্যাক আপ নিয়েই থাকুক বিন্দুমাত্র ছাড় দেবোনা। রাশেদের কত বড় বাপ আছে দেখবো আমি। আর কে পদক্ষেপ নিক আর না নিক রাশেদকে যেখানে পাবো সেখানেই মাটিতে পুতে ফেলবো। পারলে মাঠে আয় ফেসবুকে ম্যা ম্যা না করে...।’

ছাত্রলগের কেন্দ্রীয় কমিটির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-সম্পাদক আল মামুন তার ফেসবুক স্টাটাসে লেখেন, ‘নেত্রী সম্পর্কে কটূক্তিকারী শিবির রাশেদকে ন্যাড়ি কুত্তার মতো পিটুনী দেয়ার অপেক্ষায় আছি।’ তবে রাশেদ খাঁন প্রধানমন্ত্রী বা দেশ নিয়ে কোন কটূক্তি করেন নি বলে দাবি করেন।

ছাত্রলীগ নেতাদের এসব হুমকির বিষয়ে রাশেদ খাঁন বলেন, আমার বক্তব্যে কোন সময় প্রধানমন্ত্রী বা দেশের বিরুদ্ধে কথা বলিনি। আমি ছাত্রসমাজের প্রতিনিধি হিসেবে কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনের কথা বলেছি। কিছু কুচক্রি মহল আমার বক্তব্যগুলোর আগে পরে বাদ দিয়ে এডিট করে বিভ্রান্তি ছড়াচ্ছে। ছাত্রলীগের হুমকির কারণে তিনি গত ১১ এপ্রিল হল ত্যাগ করেছেন। ছাত্রলীগের নেতারা প্রতিনিয়ত তাকেসহ কোটা সংস্কার আন্দোলনকারী নেতাকর্মীদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন।

হুমকির বিষয়ে ঢাবি ছাত্রলীগের সদ্য বিদায়ী সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, রাশেদ খাঁনের বক্তব্যে আমরা জঙ্গিবাদের সংশ্লীষ্টতা পেয়েছি। তাকে ছাত্র সমাজ প্রতিহত করবে। তার ফেসবুকে হত্যার হুমকি দেয়ার অধিকার আছে কিনা জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে কল দিলে তিনি ফোন ধরেন নি।

ছাত্রলীগের স্যার এফ রহমান হলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষার বলেন, আমি তাকে কোন হুমকি দেইনি। কোটা সংস্কার আন্দোলনের নেতারা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। কি ষড়যন্ত্র করছে জানতে চাইলে তিনি বলতে পারেন নি। এদিকে ছাত্রলীগ নেতাদের এসব হুমকির পাল্টা জবাব দিচ্ছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তারাও কোটা সংস্কার ফেসবুক গ্রুপে ছাত্রলীগ নেতাদের এসব স্টাটাস উল্লেখ করে বিভিন্ন মন্তব্য করেছেন।

ফেসবুকে কোটা সংস্কার আন্দোলনকারীদের অন্যতম রিশা সিনথেয়া ফেসবুকে লিখেছেন, ‘রাশেদ ভাই নাকি শিবির তাকে নাকি যেখানে পাবে মারবে। আসিস মারতে একটা বোনও ঘরে বসে থাকবে না।’

ট্যাগ: রাজনীতি
মাউশিতে ‘খুনি খালেদার বিচার চাই’ স্লোগান দেওয়া শিক্ষা ক্যাড…
  • ১৬ আগস্ট ২০২৬
কর্মক্ষেত্রে সুনাম পাবেন কী উপায়ে? আত্মবিশ্বাস বাড়াবে যে ৫…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরু হতে পারে ২১ আগস্ট
  • ১৬ আগস্ট ২০২৬
ওমরাহ ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি সরকার
  • ১৬ আগস্ট ২০২৬
বিদ্যুৎ গেলেই অকেজো হয়ে পড়ে সরকারি সিমের ইন্টারনেট সেবা
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে চবির আওয়ামীপন্থি কর্মকর্তা আটক
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage