সংসদে প্রশ্নোত্তরে সমাজকল্যাণমন্ত্রী মেনন
ফাইল ছবি
সরকার হিজড়া সম্প্রদায়ের কর্মসংস্থানের জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে। শনিবার জাতীয় সংসদে সরকারি দলের মুহিবুর রহমান মানিকের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।
রাশেদ খান মেনন বলেন, দেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ হিজড়া সম্প্রদায়। এ জনগোষ্ঠীর কোনো জরিপ নেই। তবে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হিজড়ার সংখ্যা ১১ হাজার ৩৯ জন।
তিনি বলেন, হিজড়া সম্প্রদায়ের কর্মসংস্থানের জন্য তাদের যেসব ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এগুলো হলো- হেয়ারকাটিং, বিউটিফিকেশন, প্রাইভিং, মোবাইল, টিভি, ফ্রিজ, এসি, অটোমোবাইল, সিকিউরিটি গার্ড, আনসার, ভিডিপি, নাসিং, ওয়ার্ড বয়, কৃষি, মৎস ও পশুপালন, কম্পিউটার, সেলাই, কাটিং, ব্লক, বাটিক ও হস্তশিল্প। এসব ট্রেডে ৫০ দিনের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রী জানান, প্রশিক্ষণ শেষে হিজড়াদের পুনর্বাসনের জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সুবিধা প্রদান করা হচ্ছে। চলতি অর্থবছরে ২ হাজার ৫০০ প্রবীণ হিজড়াকে (৫০ উর্ধ্ব) মাসিক ৬০০ টাকা হারে বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে। ১ হাজার ৩৫০ জন হিজড়া শিশুকে ৪ স্তরে (প্রাথমিক স্তর-৩০০ টাকা, মাধ্যমিক স্তর-৪৫০ টাকা, উচ্চ মাধ্যমিক স্তর-৬০০ টাকা এবং উচ্চতর স্তরে ১ হাজার টাকা) হারে উপবৃত্তি প্রদান করা হচ্ছে।