‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে তালা দিয়েছেন দুই যুবক © সংগৃহীত
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া হয়েছে। সোমবার (২৯৮ সেপ্টেম্বর) বিকেলে ঘটনার সময় প্রকাশনাটির দুই কর্মীকে তুলে নিয়ে আটকে রাখার অভিযোগও উঠেছে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তুলে নেওয়া দুই কর্মীকে থানায় আনা হয়নি জানিয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, তাদের ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছিল। সেখান থেকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তিনি গণমাধ্যমকে বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ ২০২৪ সালের পর ছাপানো হয়নি। তাই বইটি বিক্রি না করার শর্তে দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই যুবক বাংলাবাজারের বিক্রয়কেন্দ্রে আসেন। তারা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি কিনতে চাইলে কর্মীরা বইটি বের করে দেন। পরে তারা বইটি নিয়ে আপত্তি তোলেন। একপর্যায়ে তারা লোকজন জড়ো করেন। এরপর বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে তালা ঝুলিয়ে দেন। পরে দুই কর্মী আমিনুল ইসলাম ও হুমায়ূন কবীরকে আটক করেন তারা।
আরও খবর: ভুয়া অভিজ্ঞতার সনদ, জন্মতারিখ ভুল—তবুও নিয়োগ, সরকারের গচ্চা সাড়ে ৩ কোটি
ইউপিএল এক বিবৃতিতে বলেছে, অভিযোগকারীদের জানানো হয়েছে বইটি নিষিদ্ধ নয়। ইউপিএল প্রকাশিত প্রতিটি বইকে ধারণ করে। কোনো বই নিষিদ্ধ করতে হলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সবাইকে জানাতে হয়। আইনি পদক্ষেপ নিতে হয়। এ বইয়ের ক্ষেত্রে তেমন কিছু ঘটেছে বলে তারা জানে না। সরকার বা আদালতের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিলে ইউপিএল সে অনুযায়ী ব্যবস্থা নেবে।