জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়ায় কোটা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটার আবেদন ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর সাব্জেক্ট চয়েজ এর সময় নেওয়া হবে। প্রাথমিক আবেদনের সময় কোটা আবেদনের প্রয়োজন নেই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তিতে মোট সাত ধরনের কোটা রাখা হয়েছে। এগুলো হলো মুক্তিযোদ্ধা কোটা—শুধু মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য (FFQ), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা (SEQ), হরিজন ও দলিত কোটা (HDQ), প্রতিবন্ধী কোটা (PDQ), খেলোয়াড় কোটা (BKSP), বিদেশি নাগরিক (FCQ) ও পোষ্য কোটা (WQ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটায় আবেদনকারী পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় ন্যূনতম ২৪-নম্বর (৭২ এর মধ্যে) প্রাপ্ত হলে ভর্তির জন্য প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হবেন। তবে ভর্তি পরীক্ষায় কোনো বিষয়ে ৬ (২৫%) এর কম গ্রহণযোগ্য হবে না ।
এর আগে প্রকাশিত ভর্তি নির্দেশিকায় বলা হয়েছিল, কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের সময় অবশ্যই কোটা উল্লেখ করতে হবে। পরবর্তী সময়ে কোটায় অন্তর্ভুক্তির জন্য কোনো আবেদন বিবেচনা করা হবে না।