ডিসেম্বরের প্রথম ১৫ দিনেই শুরু হচ্ছে ৬ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন

২৯ নভেম্বর ২০২৬, ০৩:১০ PM
 ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ডিসেম্বরের প্রথম ১৫ দিনের মধ্যে। ১ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু করবে তিনটি বিশ্ববিদ্যালয়। এরপর ১০ ও ১২ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে শুরু হবে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন। এসব বিশ্ববিদ্যালয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ৭ জানুয়ারি। আর অনলাইনে ফি প্রদানের শেষ তারিখ ৮ জানুয়ারি। বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১ ফেব্রুয়ারি। এবার মোট আসন রয়েছে ১ হাজার ৩০৯টি। ফলাফল প্রকাশ সাপেক্ষে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি আবেদন আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষা আগামী বছরের ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ফলে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন সাপ্লিমেন্টারিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। আবেদন গ্রহণ শেষ হবে আগামী ৫ জানুয়ারি। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ‘অ্যাডমিশন’ লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন ফি অফেরতযোগ্য। এবারের ভর্তি প্রক্রিয়ায় দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

আবেদন শেষ হওয়ার পর ১০ জানুয়ারি ২০২৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর ১১ জানুয়ারি থেকে প্রার্থীরা নিজেদের দায়িত্বে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। কারিগরি জটিলতা এড়াতে যত দ্রুত সম্ভব প্রবেশপত্র সংগ্রহের পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত মেধাতালিকাও ওয়েবসাইটে প্রকাশ করা হবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
২০২৬-২০২৭ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচিতে বদল এনেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পূর্বঘোষিত ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনের কথা থাকলেও সেটি পরিবর্তন করে সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে সময় বাড়িয়ে নতুন আবেদন ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। তবে নির্ধারিত আবেদন ফি আগামী ১২ জানুয়ারি ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন। আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। আবেদন করা যাবে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা অনুযায়ী রুয়েটের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। যোগ্যতা সাপেক্ষে সাপ্লিমেন্টারি উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অনলাইন থেকেই প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার রুয়েটের পাশাপাশি বুয়েট কেন্দ্রেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।    

ডিসেম্বরের প্রথম ১৫ দিনেই শুরু হচ্ছে ৬ বিশ্ববিদ্যালয়ের ভর্ত…
  • ২৯ নভেম্বর ২০২৬
পবিপ্রবির প্রশাসনিক ভবন থেকে ৫ লাখ টাকার ক্যাবল চুরি
  • ২৯ নভেম্বর ২০২৬
সাংবাদিকতায় শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি নেই, সহজ হবে নিবন্ধন …
  • ২৯ নভেম্বর ২০২৬
বদলি আদেশ জারিতে এত বাধা কেন?
  • ২৯ নভেম্বর ২০২৬
‘সুন্দরবন থেকে লোকালয়ে বাঘ আসতে পারবে, কিন্তু হাসিনা ও তার …
  • ২৯ নভেম্বর ২০২৬
নারী-শিশুসহ ৩১৭ জনকে নিয়ে মালয়েশিয়া যাচ্ছিল ট্রলার, আটক ৭ প…
  • ২৯ নভেম্বর ২০২৬