অধ্যক্ষ আজিজি
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি © সংগৃহীত
এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ও বাড়িভাড়া বাড়াতে অর্থ বরাদ্দ দেওয়া হলেও বদলি কার্যক্রমে সরকারের অতিরিক্ত কোনো বাজেটের প্রয়োজন নেই। এরপরও বদলির আদেশ জারি করতে শিক্ষকদের মাসের পর মাস অপেক্ষা, আন্দোলন ও অনশন করতে হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি।
রবিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব প্রশ্ন তোলেন।
স্ট্যাটাসে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি লেখেন, অন্তর্বর্তীকালীন সরকার এমপিওভুক্ত শিক্ষকদের ২৫শতাংশ উৎসব ভাতা দিয়েছে, বড় বাজেটের ১৫শতাংশ বাড়িভাড়াও দিয়েছে। অথচ যে বদলি কার্যক্রমে সরকারের কোনো অতিরিক্ত বাজেট প্রয়োজন নেই, সেই বদলির আদেশ জারি করতে এত বাধা কেন?
তিনি বলেন, যেখানে অর্থের প্রয়োজন হয়, সেখানে অর্থ বরাদ্দ দিয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়েছে; অথচ যেখানে কোনো অতিরিক্ত অর্থের প্রয়োজন নেই, সেখানে শিক্ষকদের মাসের পর মাস অপেক্ষা, আন্দোলন ও অনশন করতে হচ্ছে!
তিনি আরও বলেন, বদলি কি এতটাই জটিল, নাকি সদিচ্ছার অভাবই মূল বাধা? যে নীতিমালার আলোকে আবেদন গ্রহণ করা হয়েছে, সেই নীতিমালার আলোকে বদলির আদেশ জারি করতে আর কত অপেক্ষা?