বক্তব্য রাখছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল © সংগৃহীত
এইচএসসি ও সমমানের পরীক্ষায় দুটি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার জন্য মেডিকেলসহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পেছানোর রিটের বিষয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন আছে এবং প্রতিষ্ঠানগুলো স্ব-স্ব বিধি দ্বারা পরিচালিত হয়; ফলে এসব শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের আবেদনের সুযোগ আছে কিনা সেটি বিবেচনার বিষয়।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টে এই রিটের শুনানির পর সাংবাদিকদের সামনে ব্রিফ করার সময় অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
এর আগে গতকাল বুধবার উচ্চ আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে চেম্বার জজ আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর প্রেক্ষিতে আজ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আগামী সোমবার (২৩) সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রধান বিচারপতির আদালতে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের যাতে কোনোভাবেই কোনো একাডেমিক ইয়ার লস না হয়, শিক্ষার্থীরা যেন কোনো কারণে তাদের শিক্ষা থেকে বঞ্চিত না হন, এটিই আমাদের মূল বক্তব্য। মেধাবীরা কেন অপেক্ষা করবে— এরকম একটা চিন্তা থেকেই বিশ্ববিদ্যালয় যেন স্ব-স্বভাবে পরীক্ষা নিতে পারেন, ভর্তি পরীক্ষার কার্যক্রম চালাতে পারেন, সেটা হচ্ছে আমাদের মূল গ্রাউন্ড ছিল।
রিটকারী আইনজীবীর রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও ইঙ্গিত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ইন্টারেস্টিংলি এই মামলার বাদী হচ্ছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, যিনি পরীক্ষার্থী নন কিংবা কোনো পরীক্ষার্থীর অভিভাবকও নন এবং তার একটা রাজনৈতিক পরিচয়ও আছে। সে বিষয়টা আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি যে, তার তো এখানে কোনো ইন্টারেস্ট থাকার কোনো কারণ নেই। আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং এর গুরুত্ব বুঝে আগামী সোমবার সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রধান বিচারপতির কোর্টে এটা ২ নম্বর আইটেম হিসেবে নির্ধারণ করেছেন। আমরা মনে করি যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের মাধ্যমে আমাদের যে আপিল, সে আপিলের ব্যাপারে একটা ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সুযোগ পাবে না কেন— এমন প্রশ্নের জবাবে রুহুল কুদ্দুস কাজল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেব বলেছেন যে, রেফার্ডপ্রাপ্ত কোনো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ আছে কিনা, সেটাও বিবেচনা করার ব্যাপার। তা ছাড়া বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠান রেফার্ড শিক্ষার্থী দিবেন কিনা কিংবা যে শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন এবং যিনি দুটি পরীক্ষায় রেফার্ড পাবেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ফর্ম ফিলআপ করার জন্য আগ্রহী হবেন কিনা, সেটাও তো একটা বিবেচনার বিষয়। বরং যারা প্রথম চান্সে মেধার ভিত্তিতে যাউত্তীর্ণ হয়েছেন, তাদেরকে কেন সুযোগ থেকে বঞ্চিত করা হবে?
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সুস্পষ্ট যে ইন্সট্রাকশন, আমাকেও তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় মেধাবীদেরকে অ্যাট্রাক্ট করতে চান এখানে ভর্তির জন্য। তিনি মনে করেন যারা প্রথম দফায় পাস করেছেন, তাদের মধ্য থেকেই মেধা যাচাই করে এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। আরেকটি কথা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু একবার পাস করলে কমপক্ষে দুইবার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায়। যদি কোনো কারণে বিলম্বও ঘটে, তাদের কিন্তু পরের বছরও আবেদন করার সুযোগ থাকলেও থাকতে পারে।
তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী সাহেব আমাকে জানিয়েছেন যে, এবার যে পরিমাণ শিক্ষার্থী পাস করেছেন, আমাদের টোটাল বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন অনার্স ইউনিভার্সিটি লেভেলের কলেজগুলোতে যে পরিমাণ সিট খালি আছে, আমার মনে হয় যে শিক্ষার্থীরা ভর্তি হতে চাইলে তাদের কোনো অসুবিধা হবে না।
গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) উপাচার্যদের নিয়ে বৈঠকের সূত্র দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ওই বৈঠকে অনুত্তীর্ণ ও রেফার্ডপ্রাপ্ত শিক্ষার্থী এবং সম্পূরক পরীক্ষায় সম্ভাব্য অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিবেচনায় নিয়ে তাদেরকে যেন ভর্তি পরীক্ষায় সুযোগ দেওয়া হয়, সেরকম একটি অনুরোধ করা হয়। ওই বৈঠকে এটুকুই বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ যে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত, তাদের ভর্তি প্রক্রিয়াসহ একাডেমিক ক্যালেন্ডার স্ব-স্ব বিধান অনুযায়ী পরিচালিত হয়, তারাও তাদের স্ব-স্ব বিধান দ্বারা পরিচালিত হবে, স্বায়ত্তশাসিত হবে।
তিনি আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষা কার্যক্রম পরিচালনা ও একাডেমিক বিষয়ে প্রযোজ্য আইনগত কাঠামোর মধ্যে তাদের স্বায়ত্তশাসন ও স্বাধীনতা রয়েছে এবং তারা একই সঙ্গে এটাও বলেছেন যে আইনগত ক্ষমতা, একাডেমিক স্বায়ত্তশাসন, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে একাডেমিক এবং ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর তারা গুরুত্বারোপ করেন। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের সুস্পষ্ট বক্তব্য, তারা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়সহ তাদের ওপরে কোনো এম্বার্গো আরোপ করেননি। গতকালকের সভার সিদ্ধান্তটা সেটা আরও বেশি স্পষ্টীকরণ হয়েছে।
সংবাদ সম্মেলনে সময় ইউজিসির আইনজীবী মাহবুবুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী কাজী মোহাম্মদ জয়নুল আবেদীন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ব্যারিস্টার মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
কাজী জয়নাল আবেদীন বলেছেন, যে বিষয়টির ওপর ভিত্তি করে রিট আবেদন করা হয়েছিল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বুধবার তাদের রেজুলেশনের মাধ্যমে সেই নিয়ম পরিবর্তন করেছে। এটিই আপিলের প্রধান যুক্তি।
এর আগে গতকাল বুধবার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার আদেশ দেন উচ্চ আদালত।