গবেষণা

ব্যাংকঋণ, লাইসেন্স ও সরকারি সেবা পেতে পদে পদে বাধার মুখে তরুণ উদ্যোক্তারা

২২ নভেম্বর ২০২৬, ১১:১১ AM
ব্যাংকঋণ, লাইসেন্স ও সরকারি সেবা পেতে নানা বাধার মুখে তরুণ উদ্যোক্তারা।

ব্যাংকঋণ, লাইসেন্স ও সরকারি সেবা পেতে নানা বাধার মুখে তরুণ উদ্যোক্তারা। © সংগৃহীত

ব্যবসা শুরু করতে গিয়ে ব্যাংকঋণ, লাইসেন্স ও সরকারি সেবা পেতে নানা বাধার মুখে পড়ছেন তরুণ উদ্যোক্তারা। সরকারি দপ্তর থেকে সেবা নিতে গিয়ে ঘুষ ও দীর্ঘসূত্রতার অভিজ্ঞতা হয়েছে ৮০ শতাংশ তরুণের। অন্যদিকে, ব্যাংকঋণ পেতে জমির দলিল ও জামানতের শর্ত পূরণ করতে না পারায় পুঁজি সংগ্রহেও সমস্যায় পড়ছেন নতুন উদ্যোক্তারা। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তরুণদের অর্থনৈতিক সুযোগ ও বাস্তবতা’ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।

গবেষণায় অংশ নেওয়া তরুণদের ৮০ শতাংশ জানিয়েছেন, সরকারি সেবা নিতে গিয়ে তাঁরা বিলম্ব কিংবা ঘুষের মতো অনানুষ্ঠানিক লেনদেনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। সরকারি কর্মসংস্থান কেন্দ্রের মাধ্যমে কাজ খুঁজে পান মাত্র ৪ শতাংশ তরুণ।

গবেষণায় অংশ নেওয়া ৭০ শতাংশ নিয়োগকর্তা ও উদ্যোক্তার মতে, ক্ষুদ্রঋণের পরিমাণ ব্যবসার প্রয়োজনের তুলনায় কম। অন্যদিকে, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে জমির দলিল ও জামানতের শর্ত পূরণ করতে হয়। নতুন উদ্যোক্তাদের অনেকের পক্ষে এসব শর্ত পূরণ করা কঠিন।

বিশেষ করে ফ্রিল্যান্সারদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে অর্জিত আয় অনেক ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে যথাযথভাবে বিবেচনা করে না। ফলে আয় থাকা সত্ত্বেও তাঁদের ঋণ পেতে সমস্যা হচ্ছে।

নারী উদ্যোক্তাদের ক্ষেত্রেও ঋণপ্রাপ্তির বাধা রয়েছে। তাঁদের জন্য বিশেষ ঋণে ৪ শতাংশ সুদের সুবিধা থাকলেও স্বামীর স্বাক্ষর ও জমির দলিলের মতো শর্তের কারণে অনেক নারী উদ্যোক্তা এ সুবিধা নিতে পারছেন না।

গবেষণায় বলা হয়েছে, ব্যাংকঋণ, ব্যবসার লাইসেন্স ও সরকারি সেবা পেতে বিভিন্ন ধরনের প্রশাসনিক ও আর্থিক প্রতিবন্ধকতার মুখে পড়ছেন তরুণেরা। সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ ও দীর্ঘসূত্রতা এবং ঋণ পেতে জামানতের শর্ত তাঁদের উদ্যোক্তা হওয়ার সুযোগ সীমিত করছে। অন্যদিকে, সরকারি কর্মসংস্থান কেন্দ্রের মাধ্যমে কাজ খুঁজে পাওয়ার হারও খুব কম।

গবেষণার ফলাফল তুলে ধরেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান ও জ্যেষ্ঠ গবেষণা সহযোগী নামিরা শামীম। দ্য এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত এ গবেষণায় যুক্ত ছিলেন সৈয়দ এম. হাসেমীও।

গবেষণার ফল প্রসঙ্গে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, সুযোগ তৈরি হলেও তা বাস্তব ফলে রূপ নিচ্ছে না। সংস্কারের কেন্দ্রে মেসো-অর্থনীতিকে স্থান দিতে হবে। স্থানীয় সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আঞ্চলিক অর্থনৈতিক রূপান্তরের চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলামসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • ২২ নভেম্বর ২০২৬
ব্যাংকঋণ, লাইসেন্স ও সরকারি সেবা পেতে পদে পদে বাধার মুখে তর…
  • ২২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাসে অস্ত্র প্রদর্শন ও ‘জয় বাংলা’ স্লোগান, ঢাকা …
  • ২২ নভেম্বর ২০২৬
সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী
  • ২২ নভেম্বর ২০২৬
ব্রাজিলের দলকে হারিয়ে কোপা সুদামেরিকানার শিরোপা জিতল আর্জেন…
  • ২২ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে আটকা পর্যটকদের হোটেলে-রেস্টুরেন্টে ‘জিম্মি’ দ…
  • ২২ নভেম্বর ২০২৬