ট্রাম্পের সঙ্গে বৈঠক করে বরখাস্ত হলেন কোস্টারিকার পররাষ্টমন্ত্রী

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ AM
কোস্টারিকার প্রেসিডেন্ট লরা ফার্নান্দেজের সঙ্গে সদ্য বরখাস্ত হওয়া পররাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল তোভার

কোস্টারিকার প্রেসিডেন্ট লরা ফার্নান্দেজের সঙ্গে সদ্য বরখাস্ত হওয়া পররাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল তোভার © সংগৃহীত ছবি

কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল তোভারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট লরা ফার্নান্দেজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে অনুষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক বৈঠকে প্রেসিডেন্টকে না জানিয়ে অংশ নেওয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে। কোস্টারিকা সরকারের দাবি, তোভারের এ সিদ্ধান্তের কারণে প্রেসিডেন্ট নিজে বৈঠকে অংশ নেওয়ার সুযোগ হারান এবং এতে দেশের স্বার্থে বড় ধরনের কৌশলগত ক্ষতি হয়েছে। খবর আল জাজিরার

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তোভারকে বরখাস্তের ঘোষণা দেন লরা ফার্নান্দেজ। ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ নামে ট্রাম্পের নেতৃত্বাধীন মাদকবিরোধী জোটের বৈঠকে অংশ নিতে তোভার মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে যান। বৈঠকটি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হয়।

কোস্টারিকা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তোভার প্রেসিডেন্টকে আগে থেকে না জানিয়ে বৈঠকে অংশ নেন। ফলে প্রেসিডেন্ট ফার্নান্দেজ বৈঠকে অংশ নিতে পারেননি। সরকারের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি ‘বড় ধরনের কৌশলগত ক্ষতি’ করেছে।

ফার্নান্দেজ বলেছেন, ওই বৈঠকে তারই অংশ নেওয়ার কথা ছিল। ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ জোটের লক্ষ্য হলো মাদক পাচার ও সংগঠিত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা। জোটটি ট্রাম্প প্রশাসন চলতি বছরের মার্চে চালু করে।

বৈঠকে লাতিন আমেরিকার কয়েকটি দেশের প্রেসিডেন্টও অংশ নেন। জোটের ১৫ সদস্য দেশ একটি যৌথ বিবৃতিতে ২৪টি অপরাধী সংগঠনের সদস্য ও সমর্থকদের বিরুদ্ধে সম্পদ জব্দ, ভিসা নিষেধাজ্ঞা এবং ফৌজদারি ব্যবস্থা নেওয়ার উদ্যোগের কথা জানিয়েছে।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মাদক কারবার ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এ জোট গঠন করা হয়েছে। ট্রাম্প প্রশাসন বিভিন্ন মাদক কারবারি গোষ্ঠীকে বিদেশি ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে চিহ্নিত করেছে এবং মাদক বহনের অভিযোগে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কয়েকটি নৌযানে হামলাও চালিয়েছে।

এদিকে, দীর্ঘদিন ধরে লাতিন আমেরিকার তুলনামূলক স্থিতিশীল দেশ হিসেবে পরিচিত কোস্টারিকা সাম্প্রতিক সময়ে মাদক-সংশ্লিষ্ট সহিংসতা বৃদ্ধির মুখোমুখি হচ্ছে। দেশটির সরকার জাতীয় ও জননিরাপত্তার ক্ষেত্রে ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ জোটকে গুরুত্বপূর্ণ বলে মনে করে।

বরখাস্তের বিষয়ে তোভার বিস্তারিত মন্তব্য করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য ফার্নান্দেজকে ধন্যবাদ জানান। তোভারকে বরখাস্তের পর কোস্টারিকার বর্তমান বৈদেশিক বাণিজ্যমন্ত্রী ইন্ডিয়ানা ত্রেহোসকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে থাকা ত্রেহোস দেশে ফেরার পর নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬