‘প্লেলিস্ট থেকে সব গান মুছে ফেললেও আমার অবস্থান পাল্টাবে না’

২২ জুলাই ২০২৬, ০৭:১০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৬, ০৭:১০ PM
অরিজিৎ সিং

অরিজিৎ সিং © সংগৃহীত

ভারতের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (NEET) কেলেঙ্কারির প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনের কঠোর সমালোচনা করায় সামাজিক মাধ্যমে বিতর্কের মুখে পড়েছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। তবে কটাক্ষের মুখে পড়েও নিজের অবস্থান থেকে একচুল পিছপা হননি এই শিল্পী; বরং স্পষ্ট ও সংযত ভাষায় জানিয়ে দিয়েছেন—কারো কাছে অপ্রিয় হলেও সত্য ও নীতির পক্ষে নিজের মত প্রকাশ তিনি থামাবেন না।

গত সোমবার (২০ জুলাই) দিল্লিতে শিক্ষার্থীদের ‘সংসদ অভিযান’ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলে এবং পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ উঠলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তীব্র ক্ষোভ প্রকাশ করেন অরিজিৎ। তিনি লেখেন, ‘পড়ুয়াদের মারধর করা হচ্ছে! দিল্লি পুলিশ, আপনাদের কি একবারও লজ্জা করছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এ সব কী হচ্ছে? নিজেদের কি ঈশ্বর ভাবতে শুরু করেছেন? সব কিছুর হিসাব একদিন হবে। হর হর মহাদেব... মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক।’

পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হওয়ার পর অরিজিতের এই অবস্থানকে একাংশ সাধুবাদ জানালেও, রাজনৈতিক কারণে বেশ কয়েকজন ভক্ত অসন্তোষ প্রকাশ করেন। এক অনুরাগী মন্তব্য করে লেখেন যে, অরিজিতের রাজনৈতিক অবস্থানের কারণে তিনি চরম হতাশ এবং এখন থেকে তাঁকে ঘৃণা করা শুরু করেছেন।

উত্তেজিত না হয়ে পরম ধৈর্য ও পেশাদারত্বের সঙ্গে সেই অনুরাগীর জবাব দেন অরিজিৎ। তিনি পরিষ্কার করেন, কাউকে খুশি করার জন্য তিনি নিজের নীতি বা মতামত বদলাবেন না। জবাবে গায়ক লেখেন, ‘মানুষ হিসেবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কথায় যদি আপনার খারাপ লেগে থাকে, তার জন্য দুঃখিত। কিন্তু আমি যে বিষয়টি নিয়ে কথা বলেছি, তা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আমার গান ভালোবাসেন বলেই যে আমার প্রতিটি মতের সঙ্গে একমত হবেন, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে আপনার প্লেলিস্ট থেকে আমার সব গান মুছে দিতে পারেন, আমাকে ভুলেও যেতে পারেন। তবে আমার অবস্থান বদলাবে না।’

উল্লেখ্য, নীট কেলেঙ্কারি ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) রাজপথের আন্দোলন ঘিরে সারা দেশ জুড়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন বলিউডের শীর্ষ তারকাদের নীরবতার বিপরীত মেরুতে দাঁড়িয়ে ছাত্র সমাজের পক্ষে সোচ্চার হয়ে এই মন্তব্য করলেন অরিজিৎ সিং।

জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬
তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬