ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, মাদক নিয়ন্ত্রণ-ক্রিকেটসহ একাধিক বিষয়ে আলোচনা

০৮ মে ২০২৬, ০৭:৫৩ AM
 মহসিন রেজা নাকভি

মহসিন রেজা নাকভি © সংগৃহীত

আন্তর্দেশীয় মাদক চোরাচালান, সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা ও ক্রিকেট সহযোগিতাসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার জন্য দুই দিনের সফরে আজ শুক্রবার (৮ মে) ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী মহসিন রেজা নাকভি। নির্বাচনের পর পাকিস্তানের কোনো মন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর হওয়ায় কূটনৈতিকভাবেও এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ভোর ৪টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪২ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সফর শেষে ৯ মে রাত ৮টা ১০ মিনিটে বিজি-৩৪১ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।

এরই মধ্যে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন বাংলাদেশ সরকারের কাছে মন্ত্রীর নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রটোকল নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে। ৫ মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক নোট ভারবালে এ অনুরোধ করা হয়।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবারের সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে দক্ষিণ এশিয়াজুড়ে বিস্তৃত আন্তর্দেশীয় মাদক চোরাচালান চক্র, সন্ত্রাসী অর্থায়ন, সাইবারভিত্তিক উগ্রবাদ এবং সংঘবদ্ধ অপরাধ দমন। বিশেষ করে আফগানিস্তান-পাকিস্তান হয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া মাদক রুট নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। বাংলাদেশও সাম্প্রতিক বছরগুলোতে ইয়াবা, হেরোইন ও আইসসহ বিভিন্ন মাদকের নতুন রুট ও নেটওয়ার্কের কারণে চাপে রয়েছে।

এ কারণে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, সন্দেহভাজন অপরাধীদের তথ্য আদান-প্রদান, পাচার রুট শনাক্তকরণ এবং যৌথ নজরদারি ব্যবস্থার বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে। এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকও সই হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অনলাইনভিত্তিক উগ্রবাদী প্রচারণা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জঙ্গি নেটওয়ার্ক পরিচালনা, অর্থপাচার এবং আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ শনাক্ত করাও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রিক্রুটমেন্ট, অর্থ সংগ্রহ ও যোগাযোগের বিষয়গুলো এখন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সংস্থাগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ কারণে প্রযুক্তিনির্ভর নজরদারি, সাইবার গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধি এবং সন্দেহজনক আর্থিক লেনদেন পর্যবেক্ষণে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশ নীতিগত ঐকমত্যে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া মানবপাচার, ভুয়া পাসপোর্ট ও ট্রাভেল ডকুমেন্ট ব্যবহার এবং আন্তর্জাতিক অপরাধী চক্র দমনে যৌথ সমন্বয় ব্যবস্থাও আলোচনায় আসতে পারে।

সূত্র জানিয়েছে, শুক্রবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করবেন মহসিন রেজা নাকভি। সেখানে সন্ত্রাস দমন ও মাদকবিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে সই করবেন দুই দেশের মন্ত্রী। পরে দুই দেশের প্রতিনিধি দল একই হোটেলে মধ্যাহ্নভোজে অংশ নেবে।

সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করতে পারেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে দুই দেশের ক্রিকেট সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ-পাকিস্তান মিরপুর টেস্ট শুরুর সকালেই ঢাকায় পৌঁছাচ্ছেন তিনি। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির দায়িত্বও পালন করছেন।

বিসিবি সূত্র জানিয়েছে, ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে আসছেন নাকভি। সফরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও তার বৈঠক হতে পারে। পাশাপাশি মিরপুর টেস্ট উপভোগ করারও কথা রয়েছে তার।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার স্ত্রীরও ঢাকা সফরে আসার কথা রয়েছে। তাদের স্বাগত জানাতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। উপহার হিসেবে দেশীয় তাঁতের শাড়ি ও পাঞ্জাবি চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

৪৭ বছর বয়সী মহসিন রেজা নাকভি ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে পিসিবির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। গত বছরের এপ্রিলে এসিসি সভাপতির দায়িত্ব নেওয়ার পর জুলাইয়ে ঢাকায় এসেছিলেন এসিসির বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে।

আর্জেন্টিনা-মিসর ম্যাচের দায়িত্বে ৩ ফরাসি রেফারি, মুখ খুললে…
  • ০৭ জুলাই ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইমের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিচ…
  • ০৭ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত…
  • ০৭ জুলাই ২০২৬
ইউরো জয় আমার কাছে বিশ্বকাপ জয়ের সমান: রোনালদো
  • ০৭ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রকে গোল বন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
  • ০৭ জুলাই ২০২৬
একাদশে তিন পরিবর্তন নিয়ে মিসরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্ট…
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence