এনভিডিয়ার প্রথম নারী সিইও হলেন কোলেট ক্রেস

১৩ নভেম্বর ২০২৬, ০২:১২ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৩ PM
এনভিডিয়ার প্রথম নারী সিইও হলেন  কোলেট ক্রেস

এনভিডিয়ার প্রথম নারী সিইও হলেন  কোলেট ক্রেস © সংগৃহীত

এনভিডিয়ার অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী নেতৃত্বে যাচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি। একই সঙ্গে কোম্পানির পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন হার্ভি সি জোন্স।

পরিচালনা পর্ষদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিএফওর দায়িত্বের পাশাপাশি অন্তর্বর্তী সিইও হিসেবেও কাজ করবেন কোলেট ক্রেস। জেনসেন হুয়াংয়ের স্থায়ী উত্তরসূরি নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভেতর ও বাইরে থেকে সম্ভাব্য প্রার্থীদের বিবেচনা করবে পর্ষদ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থায়ী সিইও হিসেবেও ক্রেসের নাম আলোচনায় রয়েছে। নেতৃত্বের শীর্ষ পর্যায়ে তার অবস্থান বেশ শক্তিশালী বলে মনে করা হচ্ছে।

১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার সময় সহপ্রতিষ্ঠাতা ছিলেন জেনসেন হুয়াং। বৃহস্পতিবার তার ৩৩ বছরের নেতৃত্বের অবসান ঘটে। এ দীর্ঘ সময়ে তিনি কোম্পানির প্রেসিডেন্ট, সিইও ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কে এই কোলেট ক্রেস

এনভিডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোলেট ক্রেস কোম্পানির সিএফও এবং নির্বাহী ভাইস প্রেসিডেন্ট। স্থায়ী উত্তরসূরি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০১৩ সালের সেপ্টেম্বরে এনভিডিয়ায় যোগ দেন ক্রেস। এরপর থেকে তিনি কোম্পানির অর্থ বিভাগ পরিচালনা করে আসছেন। প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি ও বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে প্রায় ২৫ বছর ধরে সিসকো ও মাইক্রোসফটসহ শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের অর্থ বিভাগে বিভিন্ন পদে কাজ করেছেন ক্রেস।

তার নিয়োগ প্রসঙ্গে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভি জোন্স বলেন, অসাধারণ প্রবৃদ্ধির সময়ে কোলেট এনভিডিয়ার নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কোম্পানির ব্যবসা, গ্রাহক, কার্যক্রম ও আর্থিক অবস্থা সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে। এনভিডিয়ার কৌশল বাস্তবায়ন এবং প্রযুক্তিগত পরিকল্পনা এগিয়ে নিতে ক্রেসের নেতৃত্বাধীন দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ কারণে তার প্রতি কোম্পানির পূর্ণ আস্থা রয়েছে।

দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় কোলেট ক্রেস বলেন, এনভিডিয়ার শক্তির মূল উৎস এর কর্মীরা। সবার সম্মিলিত প্রচেষ্টায় জেনসেন গত ৩৩ বছরে কোম্পানির জন্য অসাধারণ একটি ভিত্তি তৈরি করেছেন। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

দ্রুতগতির কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি এনভিডিয়া। ক্রেস জানিয়েছেন, এ দুই খাতে কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি সামনে থাকা নতুন সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন তিনি।

গোপনে বিয়ে করলে কি বিয়ে হবে?
  • ১৩ নভেম্বর ২০২৬
যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ-বিজিবির ওপর হামলা— ১২৩ জনের বির…
  • ১৩ নভেম্বর ২০২৬
পড়বা, ভুলে যাবা, কান্না করবা, আবার পড়বা—পড়তে তোমাকে হবেই
  • ১৩ নভেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন শেষ ১৭ ও ১৮ নভেম্বর
  • ১৩ নভেম্বর ২০২৬
‘কবরের পাশে বেলি ফুল গাছ লাগাবেন’, মৃত্যুর ২ দিন আগে ফেসবুক…
  • ১৩ নভেম্বর ২০২৬
এনভিডিয়ার প্রথম নারী সিইও হলেন কোলেট ক্রেস
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950