চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যেই পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়ার সিইও

০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪২ PM
চীনা নারী ব্যবসায়ী ও জেনসেন হুয়াং

চীনা নারী ব্যবসায়ী ও জেনসেন হুয়াং © সংগৃহীত

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে থাকা এক নারী ব্যবসায়ীর সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ধনকুবের জেনসেন হুয়াং। তবে কার সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছিলেন, সে বিষয়ে কিছু জানাননি। একই সঙ্গে স্ত্রী, সন্তান, সহকর্মী ও শেয়ারহোল্ডারদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

রবিবার (৮ নভেম্বর) এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে নিজের পরকীয়ার কথা স্বীকার করেন ৬৩ বছর বয়সী হুয়াং। একই দিন প্রতিষ্ঠানটির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার ইমেইলের সম্পূর্ণ বক্তব্য তুলে ধরা হয়।

ইমেইলের শুরুতে হুয়াং লেখেন, ‘আমার পরিবার এবং আপনাদের সবার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত।’

এরপর তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমার কাজের কারণে তিনি এবং আমাদের সন্তানরা কষ্ট পেয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে দুঃখিত।’

নিজের কাজের সম্পূর্ণ দায়ভার নেওয়ার কথাও জানান হুয়াং। তিনি বলেন, ‘সারা জীবন আমার পরিবার আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছে। তাদের কাছে আমার সততা ও বিশ্বস্ততা প্রাপ্য ছিল। কিন্তু এর পরিবর্তে আমি তাদের হতাশ করেছি এবং আমাদের একসঙ্গে গড়ে তোলা জীবনকে ক্ষতিগ্রস্ত করেছি। আমি যা করেছি এবং যে কষ্ট দিয়েছি, তার সম্পূর্ণ দায়ভার নিচ্ছি। এ কারণে যে সমালোচনা আসবে, সেটিও আমি মেনে নিচ্ছি।’

স্ত্রী ও পরিবারের উদ্দেশে তিনি লেখেন, ‘আমার স্ত্রী ও পরিবারকে বলছি, আমি তোমাদের ভালোবাসি। আমি জানি, শুধু ক্ষমা চাইলেই আমার করা কাজগুলো আগের অবস্থায় ফিরবে না। আমি আশা করি, আমাদের পরিবার এই পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং সময়ের সঙ্গে সঙ্গে আমি আবার তোমাদের বিশ্বাস অর্জন করতে পারব।’

এনভিডিয়ার সহকর্মী, পরিচালনা পর্ষদ, অংশীদার ও শেয়ারহোল্ডারদের কাছেও ক্ষমা চান হুয়াং। তিনি বলেন, ‘এনভিডিয়ার যেসব সহকর্মীর সঙ্গে আমি কয়েক দশক ধরে কাজ করছি, তাদের পাশাপাশি আমাদের পরিচালনা পর্ষদ, অংশীদার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের শেয়ারহোল্ডারদের কাছ থেকেও আমি আরও ভালো আচরণ পাওয়ার প্রত্যাশা তৈরি করেছি। কিন্তু আমি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। আমি এনভিডিয়ার প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের আস্থা আবার অর্জন করতে কাজ করে যাব।’

এরপর সাম্প্রতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এনভিডিয়াকে ঘিরে ওঠা জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের বিষয়ে কথা বলেন তিনি। হুয়াং জানান, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের উদ্যোগে শুরু হওয়া স্বাধীন তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করবেন।

তিনি লেখেন, ‘আমি এনভিডিয়াকে সুরক্ষিত রাখতে এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি একজন মার্কিন নাগরিক হিসেবে গর্বিত ও কৃতজ্ঞ।’

সবশেষে নিজের পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান হুয়াং। তিনি বলেন, ‘আমার সিদ্ধান্তের জন্য আমার পরিবার কোনোভাবেই দায়ী নয়। দায় আমার। দয়া করে তাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখুন।’

হুয়াংয়ের এই ইমেইলের আগে গত ২৯ অক্টোবর নিউইয়র্ক টাইমস একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এমন কিছু তথ্য পেয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে, সিঙ্গাপুরভিত্তিক একটি ডেটা সেন্টার প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের এক নারী নির্বাহী এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ প্রযুক্তি চীনে পাচার করছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই নারী নির্বাহীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ ছিল। তবে এই সম্পর্কের ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে, ৮ নভেম্বর প্রকাশিত পৃথক এক বিবৃতিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানায়, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছেন বলে সাম্প্রতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এ কারণে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে তারা।

বিবৃতিতে পরিচালনা পর্ষদ জানায়, ‘জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন তথ্যের কোনো ক্ষতি হয়েছে বলে বিশ্বাস করার মতো কারণ আমাদের কাছে নেই। তবে পরিচালনা পর্ষদের তদন্তে এ বিষয়ে পাওয়া সব ধরনের তথ্য পর্যালোচনা করা হবে।’

পর্ষদ আরও জানায়, স্বাধীন পরিচালকদের নিয়ে গঠিত একটি কমিটি এই তদন্তের তদারকি করবে। এ কাজে তাদের বাইরের আইনজীবীরাও সহযোগিতা করবেন।

এ বিষয়ে পিপল সাময়িকীকে দেওয়া এক বিবৃতিতে এনভিডিয়ার একজন মুখপাত্র বলেন, ‘আজকের খবর এনভিডিয়ার অগ্রযাত্রাকে ধীর করবে না। জেনসেন কোনো ধরনের বিরতি ছাড়াই প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এনভিডিয়ার নেতৃত্ব দিয়ে যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’

মোবাইল আর্থিক সেবায় আস্থার সংকট, প্রযুক্তির চেয়ে বড় চ্যা…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা পেছাবে না, এবার সিদ্ধান্ত ঢাবির জরুরি বৈঠকে
  • ০৯ নভেম্বর ২০২৬
সাগরপথে মিয়ানমারে সার পাচার: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্…
  • ০৯ নভেম্বর ২০২৬
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় সাবলেট থাকাদের দুঃস…
  • ০৯ নভেম্বর ২০২৬
সুন্দরবনের বনদস্যু নির্মূলে খোলপেটুয়া নদীতে জেলে-বাওয়ালিদে…
  • ০৯ নভেম্বর ২০২৬
সিলেটে ড্র করেও সিরিজ বাঁচাতে পারল না বাংলাদেশ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950