৩ কেজি ওজনের স্বর্ণসহ আটক সুধীর কুমার ধর © টিডিসি সম্পাদিত
গাড়ির গিয়ারের মতো দেখতে দুটি কালো রঙের চাকতি। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না, এর মধ্যেই রয়েছে ৫ কোটি টাকার সোনা। চট্টগ্রামের হাজারী গলি থেকে ঢাকার তাঁতীবাজারে নেওয়ার পথে পুলিশের হাতে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম ওজনের স্বর্ণসহ একজনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুধীর কুমার ধর (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালানো হয়। এ সময় সুধীর কুমার ধরকে গ্রেফতার করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত সুধীর কুমার ধরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন আকবরশাহ থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবুর তত্ত্বাবধানে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোছাইনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আকবরশাহ থানার এসআই মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সিটি গেইট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে পুলিশ চেকপোস্টের বক্সের সামনের পাকা সড়ক থেকে সুধীর কুমার ধরকে আটক করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক তথ্যমতে গ্রেফতার সুধীর কুমার ধর একজন স্বর্ণ চোরাকারবারি। এ ঘটনায় তার বিরুদ্ধে আকবরশাহ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।