তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

২৫ এপ্রিল ২০২৬, ১০:১৪ AM
বৃষ্টির নিয়ে স্বস্তির খবর জানাল আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টির নিয়ে স্বস্তির খবর জানাল আবহাওয়া অধিদপ্তর © সংগৃহীত

সারা দেশে চলমান তীব্র দাবদাহের মধ্যে স্বস্তির খবর জানাল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের মতে, আগামীকাল (রবিবার) থেকে সারা দেশেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, যার ফলে তাপমাত্রাও অনেকটা কমে আসবে। 

শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক চলমান গরম নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মূলত গরমের সময়। এই সময়ে আম-কাঁঠাল পাকার জন্য উত্তাপের প্রয়োজন রয়েছে। তবে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর হলো, আজ (শনিবার) থেকেই দেশের উত্তরাঞ্চলসহ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

তিনি বলেন, আজ দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব বিভাগের প্রায় ২৫ থেকে ৫০ শতাংশ এলাকায় এই বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় (প্রায় ২৫ শতাংশ এলাকা) হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: আংশিক মেঘলা ঢাকার আকাশ, দুই জেলায় নদীবন্দরে সতর্কতা

ড. মো. ওমর ফারুক বলেন, আজ দেশের অধিকাংশ এলাকায় দিনের তাপমাত্রা গতকালের মতোই অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল থেকে পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন আসবে। সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়লে তাপমাত্রা অনেকটাই নেমে আসবে। ফলে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনবে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষিপ্রধান জেলা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও যশোরের কৃষকদের জন্য আশার কথা হলো, আগামীকাল থেকে এসব এলাকাতেও কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি শুরু হলে এই অঞ্চলের তাপমাত্রা সহনশীল পর্যায়ে চলে আসবে, যা চলতি মৌসুমের ধানের জন্য ইতিবাচক হতে পারে।

আবহাওয়া অফিস মনে করছে, গতকালের তুলনায় আজ ঢাকার পরিস্থিতি প্রায় একই থাকলেও আগামীকাল থেকেই বৃষ্টির হাত ধরে গুমোট গরম থেকে মুক্তি মিলতে পারে।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রর পূর্বাভাসে বলা হয়, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

জবিতে জিয়াউর রহমানকে নিয়ে আয়োজিত সেমিনারে গেলেই মিলবে ২ কোর…
  • ২২ জুলাই ২০২৬
শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, ৪ সেমিস্টারের জন্য বহিষ্কার…
  • ২২ জুলাই ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন—দাবি হাসনাত…
  • ২২ জুলাই ২০২৬
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদ…
  • ২২ জুলাই ২০২৬
তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয় ও নোবিপ্রবির মধ্যে একাডেম…
  • ২২ জুলাই ২০২৬
এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়েও চাঞ্চল্য, কোথায় বিয়ে হয়ে…
  • ২২ জুলাই ২০২৬