হিমেল হামিদ © সংগৃহীত
নিখোঁজ হওয়া ঢাবি শিক্ষার্থী হিমেল হামিদ বর্তমানে টাঙ্গাইলের কারাগারে রয়েছে। সে গত শুক্রবারে (১৯ নভেম্বর) অনুষ্ঠিত এক চাকরি পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে আটক হয়। ১৮৮ ধারার প্রক্সি এবং ডিজিটাল জালিয়াতি মামলায় আটক হয়ে টাঙ্গাইল জেলে রয়েছে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন টাঙ্গাইল জেলখানার জেলার মো. আমানুল্লাহ।
হিমেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের (২০১৪-১৫ সেশন) শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বড়চওনা এলাকায়। গত শুক্রবার থেকে হঠাৎ তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না।
হিমেল, 'ঢাকাস্থ সখিপুর থানা স্টুডেন্টস এসোসিয়েশন (ডিএসটিএস)' এর সাধারণ সম্পাদক ছিলেন। এই সংগঠন থেকে তাকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে বলে জানান ঢাবির সংগীত বিভাগের শিক্ষার্থী ও উক্ত এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন উদয়।
তিনি বলেন, 'নিখোঁজ হবার খবরে আমরা সবাই ওকে নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলাম। বিশেষ করে, ওর পরিবারের কথা বিবেচনা করে। তবে এমন একটি অপরাধের সাথে ও জড়াবে এটি আমাদের ভাবনার বাইরে ছিলো। খবর পাওয়ার পর তাৎক্ষনিক অনলাইন মিটিং এর মাধ্যমে হিমেলকে ডিএসটিএস এসোসিয়েশন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।'
হিমেলের ব্যাপারে তার বাবার সাথে যোগাযোগ করা হলে, "হিমেলকে পাওয়া গেছে", শুধু এ কথা বলে তিনি আর কিছু বলতে চাননি।