নিজের সমাবর্তনের দিন এবং হাসপাতালের শয্যায় এম. বোরহান উদ্দিন জাফর © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী এম. বোরহান উদ্দিন জাফর করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
করোনায় আক্রান্ত হওয়ার পর এক সপ্তাহের বেশি সময় ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন এম. বোরহান উদ্দিন জাফর।
আজ রোববার দুপুর সাড়ে ১২টায় আইসিইউ শয্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই ঢাবি শিক্ষার্থী। ব্রাহ্মণবাড়িয়ায় আজ রাত ৯টায় তাঁর জানাজা হওয়ার কথা রয়েছে।
জহুরুল হক হলের আবাসিক ছাত্র এম. বোরহান উদ্দিন জাফরের মৃত্যুর খবর জেনে তাঁর সহপাঠী ও বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করে এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে পোস্ট করেছেন।
৪০তম বিসিএসে সাক্ষাৎকার প্রার্থী ছিলেন এবং ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছিলেন বোরহান উদ্দিন জাফর। তাঁর বন্ধু নাসিবুল ইসলাম এ তথ্য জানান।
এম. বোরহান উদ্দিন জাফরের বন্ধু মুহাম্মদ হাফিজ আল আসাদ লিখেছেন, সদা হাস্যোজ্জ্বল প্রিয়মুখ ডিপার্টমেন্ট ও হলের সব থেকে ভদ্র এবং শান্ত ছেলে, বন্ধু এম. বোরহান উদ্দিন জাফর আজ দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্হান দান করুন, আমিন।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি: সপ্তম দিনেও সন্তানের কলেজের সামনে দাঁড়ালেন অভিভাবক
বোরহান উদ্দিন জাফরের আরেক বন্ধু সাংবাদিক তৌহিদুর রহমান ফেসবুকে লিখেছেন, আমাদের সবার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১০-১১ সেশনের সদা হাস্যোজ্জ্বল মুখ বোরহান আর আমাদের মাঝে নেই! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার জান্নাত নসিব করুন। গতকাল বন্ধুরা ওকে দেখে এসেছে! আমিও দেখা করার জন্য বের হয়েছি বাসা থেকে। কিন্তু সে সময়টাও পেলাম না!