মহামারিতেও বছর জুড়ে সমালোচনায় প্রশাসন, আছে নানান অর্জন

৩১ ডিসেম্বর ২০২০, ০৯:২৫ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

২০২০, পুরো বছর করোনায় স্থবির বিশ্ব। মার্চে থেমে যেতে বাধ্য হয় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সে সময় থেকে বন্ধ থাকার পরও বরাবরের মতো বছরজুড়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থেকেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। উপাচার্য, প্রশাসনের নানান অনিয়মের আড়ালে ঘটেছে অনেক প্রাপ্তি ও সাফল্যের ঘটনাও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবছরের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া এই ঘটনাগুলো বছর জুড়েই ছিলো শিক্ষক-শিক্ষার্থীদের মুখে মুখে।

মহামারি পরিস্থিতিতে মার্চে শিক্ষাপ্রতিষ্ঠান থেমে গেলেও বছরের মাঝামাঝি রাবি প্রশাসনের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্ত করে ইউজিসি। একের পর এক আদালতের আদেশ, বছর শেষে শিক্ষা মন্ত্রণালয়ের একগুচ্ছ নির্দেশনা। এভাবে বছরজুড়ে আলোচনায় ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। শুধু অনিয়মের সংবাদ শিরোনাম হয়নি; বরং এসবের সাথে গবেষণায় নতুনত্ব, অনেক প্রাপ্তি ও মাস্টারপ্লান প্রণয়নসহ বেশ কয়েকটি সাফল্যও যুক্ত হয়েছে। বিভিন্ন সময়ের এসব ঘটনা-আলোচনায় মুখর ছিল রাবি। সেসব নিয়ে টিডিসির এবারের সালতামামি-

বছর শুরু প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দিয়ে
বছরের ৪ জানুয়ারি প্রশাসনের দুর্নীতির তথ্য-উপাত্তসহ ৩০০ পৃষ্ঠার একটি অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, দুদক ও ইউজিসিসহ চার দপ্তরে জমা দেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের একাংশ।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত শেষে বিভিন্ন সুপারিশসহ মোট ৭৩৬ পৃষ্ঠার প্রতিবেদন শিক্ষামন্ত্রণালয়ে জমা দেয় ইউজিসি গঠিত তদন্ত কমিটি। গত ২০ অক্টোবর দেওয়া ওই প্রতিবেদনে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ২৫টি অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিলেছে বলে উল্লেখ্য করা হয়।

এর মধ্যে উপাচার্য স্বেচ্ছায় অবসর গ্রহণে রাষ্ট্রপতিকে (আচার্য) অসত্য তথ্য দেওয়া, শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মতো গুরুতর অভিযোগও রয়েছে। নিয়োগ নীতিমালা শিথিল করে নিজের মেয়ে এবং জামাতাকে নিয়োগ দেওয়া। বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে ৩৪ জন অপেক্ষাকৃত কম যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে এমন অভিযোগের প্রমাণ মিলেছে জানিয়েছে ইউজিসি গঠিত কমিটির প্রতিবেদন।

এছাড়া উপাচার্য একটি ডুপ্লেক্স বাড়ি ১৮ মাস ধরে নানা অজুহাতে দখলে রাখেন বলে তার থেকে পাঁচ লাখ ৬১ হাজার ৬০০ টাকা আদায়ের সুপারিশ করা হয় প্রতিবেদনে।

এছাড়া প্রতিবেদনে উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক আব্দুল হান্নানের বিরুদ্ধে নিয়োগ প্রার্থীর সঙ্গে আর্থিক লেনদেনের সত্যতা পাওয়া গেছে বলেও উল্লেখ্য করা হয়।

বছর শেষে শিক্ষা মন্ত্রণালয়ের পদক্ষেপ নির্দেশনা
ইউজিসির তদন্ত প্রতিবেদন জমার পর সর্বশেষ গত ১০ ও ১৩ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল হান্নানসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক কমকর্তার জন্য ১২ টি নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত ১২ টি পৃথক নির্দেশনায় নিয়োগ নীতিমালা পরিবর্তন, সব ধরনের নিয়োগ স্থগিত, রেজিস্ট্রারকে অব্যাহতি, উপাচার্যর দখলে থাকা বাড়ির আর্থিক ক্ষতি হওয়ায় টাকা ফেরত এবং উপ–উপাচার্যসহ পাঁচ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৈফিয়ত তলব করা হয়।

এসব অভিযোগ আর দুর্নীতিবিরোধী শিক্ষকদের ব্যানারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, হাইকোর্ট, শিক্ষা মন্ত্রণালয় এ ৩ প্রতিষ্ঠানের ত্রিমুখী পদক্ষেপে একপ্রকার কোণঠাঁসা হয়ে পড়ে নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়মের দায়ে অভিযুক্ত বর্তমান প্রশাসন।

রিট করে আলোচনায় অধ্যাপক আসগর
আলোচনার মধ্যে ছিলো ক্রপ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আলী আসগরের ঘন ঘন রিট আবেদন। মে মাসের ৮ তারিখে বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজিস বিভাগের সভাপতি নিয়োগে জ্যেষ্ঠতার নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে রিট করেন তিনি। এর আগে ক্রপ সায়েন্স বিভাগের তিন শিক্ষক নিয়োগে দুর্নীতি ইস্যুতে হাইকোর্টে রিট করায় তাকে নিয়োগ না দেয়ার অভিযোগ তোলেন অধ্যাপক ড. মু আলী আসগর।

বছরের ১৮ আগস্ট সে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে অধ্যাপক ড. আলী আসগরের হাইকোর্টে একটি রিট আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত ‘নতুন বিজ্ঞপ্তিতে’ শিক্ষক নিয়োগের বিরুদ্ধে রুল জারি করেন এবং সে নিয়োগ কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছিলেন। পরে ওই শিক্ষকের রিট আবেদন খারিজ করে দেন আদালত।

এর আগে গত ২৯ জানুয়ারি ৩ শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে পরবর্তীতে আদালত থেকে নিয়োগ বাতিলের নির্দেশনার উপর একটি স্থগিতাদেশ রয়েছে। তাই ওই শিক্ষকদের নিয়োগ বাতিলের নির্দেশনাটি এখন বহাল নেই।

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার রাবি অধ্যাপক
স্বাস্থ্য মন্ত্রানালয়ের দুর্নীতি নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়ায় কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমানকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১৭ জুন গ্রেফতার করে পুলিশ। পরে ৭০ দিন জেলে থাকার পর ২৭ আগস্ট জামিনে মুক্তি পান তিনি। মোহাম্মদ নাসিমকে কটূক্তির অভিযোগ তুলে শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন তাপস কুমার সাহা নামে এক আইনজীবী।

শিক্ষকের মামলায় সাংবাদিক কারাগারে
পাঁচ বছর আগে বিশ্ববিদ্যালয় হলের সিট বানিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে অধ্যাপক কাজী জাহিদের করা মামলায় গত ১৪ নভেম্বর রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানিক রাইহান বাপ্পীকে নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে ৩০ নভেম্বর জামিনে মুক্তি পান সাংবাদিক বাপ্পী। এ বিতর্কিত আইনে রাবি সাংবাদিককে ফাঁসানোর ঘটনায় সারাদেশে নিন্দার ঝড় ওঠে

গবেষণায় সম্মানজনক স্বীকৃতি
বিশ্ব গবেষণা আউটপুটের শীর্ষ সংগঠন স্কোপাসের জরিপে বরাবরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাল অবস্থান রয়েছে। এবছরও ব্যক্তিগত গবেষণাপত্র প্রকাশে সংখ্যার ভিত্তিতে শীর্ষে অবস্থান রয়েছেন ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ইয়ামিন হোসাইন।

জরিপে ২০১৯ সাল পর্যন্ত তাঁর ৮৫টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং একই সাথে ৮৩ টি গবেষণাপত্র প্রকাশ করে দ্বিতীয় অবস্থানে আছেন দেশের একমাত্র পদার্থ বিজ্ঞানের ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত ধাতববিদ্যা ও খনিবিদ্যা উপশাখার বিশ্বসেরা ২৭,৫৬৮ জন।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত ধাতববিদ্যা ও খনিবিদ্যা উপশাখার বিশ্বসেরা ২৭,৫৬৮ জন বিজ্ঞানীর মধ্যে ২৮৪তম স্থান অর্জন পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রঞ্জিত কুমার বিশ্বাস।

বিশ্বে প্রথম গেছো শামুকের কৃত্রিম প্রজননে সফল হয়েছেন রাবির গবেষক দল। এর নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয় প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার শোভন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৯৩ জন শিক্ষার্থী ও ৪৮ জন শিক্ষক বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশীপে মনোনিত হয়েছে।

এছাড়া সুস্থ মানুষের লালায় যক্ষ্মা চিকিৎসায় ব্যবহৃত ডি-সাইক্লোসেরিন নামক একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাকে নষ্ট করে দিতে পারে এমন জিনের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ‘ডি-অ্যালানিন- ডি-অ্যালানিন লাইগেজ' নামক এই জিনটি প্রথমবারের মতো ইন্টেগ্রন জিন ক্যাসেট নামক এক ধরনের ক্ষুদ্র ভ্রাম্যমাণ জেনেটিক উপাদানের মধ্যে শনাক্ত হয়। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মাইক্রোবিয়াল ডিজিজেস বিভাগে প্রায় তিন বছর আগে কমনওয়েলথ বৃত্তি নিয়ে ড. অ্যাডাম রবার্টস ও প্রফেসর পিটার মুলানীর তত্ত্বাবধানে এ গবেষণাটির মূল কাজ সম্পন্ন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক ড. মো. আজিজুর রহমান। তার পিএইচডি গবেষণার অংশ হিসেবে এ গবেষণাটি প্রকল্পটি সম্পন্ন হয়।

৫০ বছরের মেগা প্রকল্প: ‘ভবিষ্যতের রাবি ক্যাম্পাস’
শিক্ষার গুণগতমানের উৎকর্ষ সাধন ও সম্পদের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে ৫০ বছর মেয়াদী মাস্টারপ্ল্যান প্রণয়ন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২০৭০ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চেহারা কেমন হবে তার একটি থ্রিডি মডেলও তৈরি করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন এই থ্রিডি মডেল উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

বিশ্ববিদ্যালযে গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এই মেগা প্ল্যানের প্রকল্পে একাডেমিক ও প্রশাসনিক অবকাঠামোর উন্নয়ন, গ্রন্থাগার আধুনিকীকরণ, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ব্যবস্থার উন্নয়ন, রাস্তা-ঘাট ও উন্মুক্ত স্থানের যথার্থ ব্যবহার নিশ্চিতকরণ, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, আধুনিক জিমনেসিয়াম স্থাপন, পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, ড্রেনেজ, বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ব্যবস্থার উন্নয়নসহ অন্যান্য বিষয় সংযুক্ত হয়েছে।

নারী দিবসেই পদ হারান নারী ছাত্র উপদেষ্টা
৮ মার্চ নারী দিবসেই ছাত্র উপদেষ্টার পদ থেকে অধ্যাপক ড. লায়লা আরজুমান বানুকে অব্যাহতি দেয় প্রশাসন। উপাচার্য ও প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করায় সন্ত্রাসী হামলার আশঙ্কায় নিজেদের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবিরোধী আন্দোলনে যুক্ত ৯ জন শিক্ষক।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন এবং ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মু. আলী আসগর চিঠির মাধ্যমে হত্যার হুমকি পান। এঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উভয় শিক্ষক।

পরকিয়ার জেরে খুনের মামলায় রাবি ছাত্রলীগের অর্থ সম্পাদক শিক্ষার্থী তৌফিক আজিজকে মামলায় কারাগারে যেতে হয়েছে। গত ৮ নভেম্বর আদালতের আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে গত ১৪ নভেম্বর রাতে ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ফেরদৌস মোহাম্মদ শ্রাবনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী ছাত্রী।

শিক্ষার্থীদের প্রাপ্তিতে আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো- গত ১ নভেম্বর প্রাতিষ্ঠানিক ইমেইল সুবিধা পান তারা।

এছাড়া বছরের ২৬ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও উত্যক্তের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি নিপীড়ন নিরোধ সেলে অভিযোগ করেন ভুক্তোভোগীরা লিখিত অভিযোগপত্র জমা দেন। অভিযুক্ত শিক্ষক ছিলেন গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরী। বিষয়টি এখনও তদন্তাধিন আছে।

এদিকে অনার্স শেষ করেই শিক্ষার্থীদের সমাবর্তনে অংশ গ্রহণের সুযোগ পাবে রাবি শিক্ষার্থীরা এর আগে শুধু মাস্টার্সের শিক্ষার্থীরাই এ সুযোগ পেত। প্রশংসিত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ।

হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা কেন্দ্রে সাড়ে ৮টার মধ্যে প্রবেশ নিয়ে যে নির্…
  • ১৮ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ হাজার ধর্মীয় ও অন্যান্য শিক্ষক নিয়োগের …
  • ১৮ এপ্রিল ২০২৬
জবি প্রেসক্লাবের নতুন সভাপতি হলেন শাহরিয়ার হোসেন
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষাকেন্দ্রে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ নিয়ে ডিএমপ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বড়াইবাড়ি দিবসে শহীদদের মাগফেরাত কামনা এনসিপির
  • ১৮ এপ্রিল ২০২৬