পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী

২১ অক্টোবর ২০২৬, ১২:০১ AM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ তৈরির চেষ্টা চলছে এবং এর পেছনে দুটি পক্ষ এক হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ বিষয়ে সরকারের কাছে পরিষ্কার গোয়েন্দা তথ্য রয়েছে। পলাতক স্বৈরাচার শ্রমিক অসন্তোষ তৈরিতে অর্থ সরবরাহ করছে। নির্বাচনের আগে জনগণের কাছে বিভিন্ন টিকিট বিক্রির চেষ্টা করা কয়েকটি দলও এতে যুক্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শ্রমিক অসন্তোষের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন, ‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তারা সেখানে অর্থ সরবরাহ করছে।...কাদের সাহায্যে করছে? এই যে কতটা দল আছে, যারা ভ্রান্তি ছড়ায় দেশের মধ্যে। তারা বিভিন্ন টিকিট বিক্রি করার চেষ্টা করেছিল নির্বাচনের আগে জনগণের কাছে। এই দুই পক্ষ এক হয়েছে। একজন পয়সা দিচ্ছে সীমান্তের ওপার থেকে, আরেকজন এখানে বসে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে।’

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা, নিরাপত্তা জোরদার, বন্ধ কলকারখানা চালু এবং কৃষকদের স্বাবলম্বী করে গড়ে তুলতে কাজ করছে। শ্রমিকদের দক্ষতা বাড়িয়ে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। তবে কয়েকটি দল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে এসব উদ্যোগ বাধাগ্রস্ত করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।

তারেক রহমান বলেন, অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশের উন্নয়নের উদ্যোগ নেওয়ার সময়ও ষড়যন্ত্র হয়েছিল। বর্তমানে দেশের অগ্রগতির ধারাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

জনসভায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তাঁর দল মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে। তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে স্বৈরাচার ক্ষমতা ছাড়ার আগে শত শত ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল। সেই শহীদদের স্মরণে ঢাকার ওসমানী উদ্যানে একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করার কথা বলে—এমন রাজনৈতিক দলগুলোকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু কয়েকটি দলের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না।

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন, ‘৭১ সালে তারা যেভাবে জনগণকে ধোঁকা দিয়েছে, ঠিক একইভাবে আমরা দেখেছি, চব্বিশের জুলাই আন্দোলনকেও তারা ধোঁকা দিয়েছে। তারা মুখে একটি কথা বলছে, তাদের কর্মে আরেকটির প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি।’

রাজশাহী অঞ্চলে পদ্মা নদীর পানি কমে যাওয়ার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, পানির সংকট মোকাবিলায় পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে বিএনপি সরকার। পানির ন্যায্য হিস্যা আদায়ে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। প্রয়োজনে বাংলাদেশের মানুষের পানির অধিকার আদায়ে যত দূর যেতে হয়, সরকার সে চেষ্টা করবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এর আগে জনসভায় মঞ্চে উঠে রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষিকে মুঠোফোনভিত্তিক আর্থিক পরিষেবার মাধ্যমে একযোগে ১২ কোটি টাকার প্রণোদনা দেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে জনসভাটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশন প্রশাসক মো. মাহফুজুর রহমান। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার টাইম হয়ে গেছে: সাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনৈতিক অবস্থানের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950