সৌদিতে বাংলাদেশ ও ভারতের ৪ জন আটক © সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশ ও ভারতের চার নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম আজেল।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা বিভাগ ভিক্ষাবৃত্তি নির্মূলের চলমান উদ্যোগের অংশ হিসেবে তাঁদের আটক করেছে।
সৌদি জননিরাপত্তা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অনুদান দিতে আগ্রহীদের সরকারি ও অনুমোদিত মাধ্যম ব্যবহার করার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষের মতে, এর মাধ্যমে প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করা সম্ভব হবে।
জনসমাগমস্থলে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণ এবং অনুদান যেন প্রকৃত অভাবীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে দেশটিতে এ ধরনের অভিযান চালানো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, সৌদি আরবের আসির অঞ্চলে মাদক পরিবহনের অভিযোগে আরও এক বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির বিশেষ সড়ক নিরাপত্তা বাহিনী। একটি গাড়িতে লুকিয়ে ৭০ কেজি মাদক পরিবহনের অভিযোগে তাঁকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।