এক যুগ পর ক্যাম্পাসে পোস্টারিং ছাত্রদলের, ছিঁড়ে ফেলল ছাত্রলীগ!

২৮ ডিসেম্বর ২০২০, ০৯:২৯ AM
পোস্টার লাগানোর কিছুক্ষণের মধ্যেই তা ছিঁড়ে ফেলা হয়

পোস্টার লাগানোর কিছুক্ষণের মধ্যেই তা ছিঁড়ে ফেলা হয় © টিডিসি ফটো

প্রায় এক যুগ পর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ও আবাসিক হলগুলোতে দলীয় পোস্টার লাগিয়েছে ছাত্রদল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছিঁড়ে ফেলা হয় সেসব পোস্টার।

ছাত্রদলের অভিযোগ, ছাত্রলীগ নেতার উপস্থিতিতে ও তার নির্দেশে সংগঠনটির নেতা-কর্মীরা তাদের পোস্টার ছিঁড়েছেন। এটাকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেও মন্তব্য করেছেন তারা। তবে ছাত্রলীগ বলছে, নিজেদের দুরবস্থার দায় ছাত্রলীগের ওপর চাপাতেই এই অভিযোগ ছাত্রদলের।

আগামী ১ জানুয়ারি সংগঠনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শনিবার টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩টি হল শাখার নেতাদের কাছে প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার বিতরণের মাধ্যমে ক্যাম্পাসে পোস্টার সাঁটানো কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

ছাত্রদল নেতাকর্মীরা জানান, শনিবার সন্ধ্যায় টিএসসিতে পোস্টারিং করা হয়। এরপর রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বিজয় একাত্তর হল, কবি জসীমউদদীন হল, মাস্টারদা সূর্য সেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, স্যার এ এফ রহমান হল, সলিমুল্লাহ মুসলিম হল, জগন্নাথ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলে পোস্টার সাঁটান ছাত্রদলের হল শাখাগুলোর নেতাকর্মীরা।

ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রায় এক যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর অভ্যন্তরে আমরা কোনো বাধা ছাড়াই পোস্টারিং করতে পারলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের উপস্থিতিতে ও নির্দেশে শনিবার আমাদের পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়। পরে আজ সকালে ও দুপুরে আবার তাঁর উপস্থিতিতে ও নির্দেশে হলগুলোতে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।

এর প্রতিক্রিয়ায় রাকিবুল ইসলাম বলেন, আমরা ছাত্রলীগের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এই আচরণের নিন্দা জানাই।

তবে ছাত্রদলের এ অভিযোগ অস্বীকার করেন সাদ্দাম হোসেন। তিনি বলেন, ছাত্রদলের অভিযোগটি সর্বৈব মিথ্যা। ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে দেয়াললিখন করা হচ্ছে, সেটি পর্যবেক্ষণ করতে আমি ক্যাম্পাসে গিয়েছিলাম। ছাত্রদলের নেতাদের পোস্টারিং করতে দেখেছি, কিন্তু পোস্টার আমরা ছিঁড়িনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলে বহু বিভক্তি। নিজেদের সাংগঠনিক এই দুরবস্থার দায় ছাত্রলীগের ওপর চাপাতেই ভিত্তিহীন অভিযোগ করছেন ছাত্রদল নেতারা।

ইন্টারনেট বন্ধ থাকলেও নির্দিষ্ট সময়ে যাবে মেসেজ, হোয়াটসঅ্য…
  • ২১ অক্টোবর ২০২৬
৩৪ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার বিস্তার হলেও কর্মস…
  • ২১ অক্টোবর ২০২৬
অধিকার আদায়ে আবারও আন্দোলনে নামতে হবে—কী ইঙ্গিত করলেন আজিজী?
  • ২১ অক্টোবর ২০২৬
বার্সাকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিল পিএসজি
  • ২১ অক্টোবর ২০২৬
পানিতে মিশছে সহজে নষ্ট না হওয়া রাসায়নিক, শরীরের কী ক্ষতি হত…
  • ২১ অক্টোবর ২০২৬
সবাই প্রস্তুতি নিন, বদলির ফয়সালা রাজপথেই হবে: অধ্যক্ষ আজিজী
  • ২১ অক্টোবর ২০২৬