© সংগৃহীত
‘ফুড ফর গুড’ চ্যালেঞ্জকে সামনে রেখে অন ক্যাম্পাস প্রোগ্রাম সম্পন্ন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল্ট প্রাইজ অর্গানাইজেশন। আজ রোববার ভার্চুয়ালি আয়োজিত প্রতিযোগিতামূলক এই প্রোগামটির ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এতে অন ক্যাম্পাস প্রতিযোগিতায় এবারে চ্যাম্পিয়ান হয়েছে টিম শ্রোডিংগার্স ক্যাটস।
প্রতি বছর বিশ্বব্যাপী তরুণ শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় আন্তর্জাতিক হল্ট প্রাইজ অর্গানাইজেশানের বিজনেস আইডিয়া কনটেস্ট। সেই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়েও শুরু হয় এই অন ক্যাম্পাস প্রতিযোগিতা। এ বছর বিশ্ববিদ্যালয় হল্ট প্রাইজ অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত অন ক্যাম্পাস প্রোগ্রামে ৬৫টির বেশি নিবন্ধিত দল তাদের আইডিয়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। তার মধ্য থেকে ১৮টি টিম সেমিফাইনাল রাউন্ডে পৌঁছায় এবং পরবর্তীতে ৮টি টিমকে ফাইনাল রাউন্ডে রাখা হয়। যেখানে মাটির মানুষ, শ্রোডিংগার্স ক্যাটস, দ্য ইলিউশনালিস্ট ৪.০, এ টিম, দ্য বি টিম, দ্য এলিট, ফুড এইড এবং টিম বুড়িগঙ্গা নামের টিমগুলো এবার জায়গা করে নিতে সক্ষম হয়। এতে শ্রোডিংগার্স ক্যাটস টিম বিজয়ী এবং টিম বুড়িগঙ্গা’ ও ‘এ টিম’ যথাক্রমে প্রথম রানারআপ এবং ২য় রানারআপ হয়।
অন ক্যাম্পাস প্রতিযোগিতায় বিজয়ী দল এরপর রিজিওনাল সামিটে অংশ নেবে এবং সেখানে বিজয়ী হলে হল্ট প্রাইজ এক্সেলেটর প্রোগ্রামে সরাসরি অংশ নিতে পারবে বলে জানান সংস্থাটির ডিরেক্টর সুমাইয়া নাজনীন। তিনি বলেন, 'সব প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত হবে এবং বিজয়ী দল তাদের আইডিয়াকে নিজের ব্যবসায় পরিণত করাতে পুরস্কার হিসেবে পাবে নগদ এক মিলিয়ন মার্কিন ডলার। প্রতিবারের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয় হল্ট প্রাইজ বিশ্বমঞ্চের এই প্রতিযোগিতায় নিজেদের টিমকে জয়ী করতে চেষ্টা করবে। গতবার রাজশাহী বিশ্ববিদ্যালয় হল্ট প্রাইজ অর্গানাইজেশন রিজিওনাল সামিটে রানার্সআপ ছিল।
অন ক্যাম্পাস প্রোগ্রামের এই ফাইনাল রাউন্ডের আয়োজনে বিচারক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক অজিজুর রহমান, উইডেভসের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার এবং সিডনি প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা আহমেদ কবির চয়ন, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেনসহ এক ঝাঁক তরুণ, উদ্যমী এবং বিশ্লেষকধর্মী বিচারকবৃন্দ।
এ ছাড়া কিনোট স্পিকার ছিলেন ডেইলি স্টারের বিপণনের বিভাগের প্রধান ও 'এশিয়া’স টপ ইয়ুথ মার্কেটার ২০২০' হিসেবে স্বীকৃতপ্রাপ্ত তাজদীন হাসান এবং আঞ্চলিক প্রশিক্ষক, স্পিকার, ডিজিটাল মার্কেটার ও কন্টেন্ট ক্রিয়েশন বিশেষজ্ঞ মিস হুদা হামিদ।
হল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগ্রামটি মূলত খাদ্য সুরক্ষা, নিরাপদ পানি সরবরাহ, জ্বালানি এবং শিক্ষার মতো বিষয় থেকে শুরু করে বিশ্বের কয়েকটি কঠিন চ্যালেঞ্জের মোকাবেলার জন্য তরুণদের উদ্ভাবনী আইডিয়া প্রদানমূলক প্রতিযোগিতার আহ্বান করে। এ বছরের চ্যালেঞ্জ ‘ফুড ফর গুড’।