© টিডিসি ফটো
আন্তর্জাতিক র্যাংকিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অবস্থানকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে গবেষণার অধিকতর মান উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. এ আর মল্লিক ভবনে সিনেটের ৩২তম বার্ষিক সভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য বলেন, আন্তর্জাতিক র্যাংকিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে একটি সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে গবেষণার মান ও পরিমাণ বাড়ানোর বিষয়ে ব্যাপক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রম বেগবান ও ত্বরান্বিত করতেও প্রশাসন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
উপাচার্য তাঁর ভাষণে বলেন, দেশের অন্যতম উচ্চ শিক্ষা-গবেষণা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুন্ন রেখে বিশ্ববিদ্যালয় পরিচালনা, অবকাঠামোগত উন্নয়ন, সম্পদের সুরক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনা এবং উচ্চ শিক্ষা ও গবেষণার উপযুক্ত পরিবেশ সমুন্নত রাখতে বর্তমান প্রশাসন অঙ্গীকারাবদ্ধ।
তিনি আরও বলেন, ২০১৯-২০ অর্থ বছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক রাজস্ব বাজেটের গবেষণা মঞ্জুরী খাতে বরাদ্দকৃত ৭৫.০০ লক্ষ টাকা গবেষণা প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটের সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে অনুদান মঞ্জুরী দেয়া হয়েছে। তাছাড়া, ২০১৯-২০ অর্থ বছরে উন্নয়ন ও রাজস্ব বাজেটের আওতায় বিদেশে উচ্চতর ডিগ্রী (মাষ্টার্স/পিএইচডি) কোর্সে অধ্যয়ন এবং বিদেশে সেমিনার ও কনফারেন্সে যোগদানের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ২৭.১০ লক্ষ টাকা অনুদান মঞ্জুরী দেয়া হয়েছে।
সভায় ২০১৯-২০২০ অর্থবছরে ৩৪১১৫.০০ লক্ষ টাকা সংশোধিত এবং ২০২০-২০২১ অর্থবছরের ৩৫১৮৫.০০ লক্ষ টাকা মূল বাজেট উপস্থাপন করেন চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। সিনেট সভায় এ বাজেট অনুমোদিত হয়।
উপাচার্যের ভাষণ ও বাজেটের ওপর প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণ করেন চবি সিনেট সদস্য ও সাংসদ ওয়াসিকা আয়েশা খান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এখলাসুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আফতাব হোসাইন প্রামাণিক, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী প্রমুখ।