চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয়-২৪। © সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয়-২৪ আবাসিক হলের একটি কক্ষে আটকে মাকড়সার ভয় দেখিয়ে এক নারী শিক্ষার্থীকে র্যাগিং করার অভিযোগ উঠেছে তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী। পরে তাঁর রুমমেটরা তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে আলোচনা ও অভিযুক্তদের ক্ষমা চাওয়ার পর বিষয়টি সমাধান হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসিক হল বিজয়-২৪-এ এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের। অভিযুক্ত তিন শিক্ষার্থী হলেন ২০২০-২১ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের মোনালিসা মিতা নূর, পদার্থবিজ্ঞান বিভাগের তাহরিমা আক্তার ওমি এবং হিসাববিজ্ঞান বিভাগের সামিয়া।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে মোনালিসা মিতা নূর তাঁকে একটি কক্ষে ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকেই তাহরিমা আক্তার ওমি ও সামিয়া অপেক্ষা করছিলেন। পরে কক্ষের দরজা বন্ধ করে তাঁর সামনে আগে থেকে আটকে রাখা একটি বড় মাকড়সা ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘২৩ তারিখ রাত ১০টায় আমাকে মিতা নূর আপু ডেকে নিয়ে যায় রুম থেকে। আমার মাকড়সার ফোবিয়া আছে, তা তারা জানে। তাদের ব্যবহার দেখে আমি ধারণা করেছিলাম যে এমন কিছু হতে পারে। আমি তাই বারবার জিজ্ঞেস করলেও তারা অস্বীকার করে যে এমন কিছু না। এরপর তারা আমাকে রুমে নিয়ে দরজা লাগিয়ে দেয়। সেখানে তাহরিমা আপু, সামিয়া আপু আগে থেকেই অপেক্ষা করছিল। তারা আমার সামনে আগে থেকে আটকে রাখা বড় মাকড়সা ছেড়ে দেয়। আমি ভয়ে চিৎকার করতে থাকি এবং কান্না করতে থাকি। তারা তা নিয়ে হাসিঠাট্টা করে এবং অনেক ধরনের টিটকারিমূলক কথা বলতে থাকে। কিছুক্ষণ পর আমি সবাইকে পাশ কাটিয়ে রুম থেকে বের হয়ে যাই এবং এরপর আমি অনেক অসুস্থ হয়ে যাই, চারবার বমি করি, যার কারণে রাতেই শারীরিক অবনতির জন্য আমার রুমমেটরা আমাকে মেডিকেলে নিয়ে যায়।’
চিকিৎসার বিষয়ে তিনি আরও বলেন, ‘ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে আমাকে ওষুধ দেন। আপাতত আমি চিকিৎসাধীন আছি এবং মানসিকভাবে ভেঙে পড়েছি। ঘটনার পরবর্তীকালে তারা 'মরে গেলেই ভালো হতো'—এই ধরনের কথা বলে বেড়াচ্ছে এবং আমার রুমমেটরাও তা শুনেছে। আমি হলে নিজেকে নিরাপদ মনে করছি না। তারা থাকলে আমি হয়তো নিরাপত্তার জন্য হল থেকে চলে যাওয়ার ডিসিশন নিতে বাধ্য হতে পারি।’
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোনালিসা মিতা নূর বলেন, ‘জি আমরা প্রক্টর স্যারের সাথে কথা বলেছি, আপনি একটু আগে আমার রুমমেট-কে কল দিয়েছেন, আর আপনি যাকে কল দিয়েছেন সে এটা-তে ইনভলভ-ই ছিল না, যা প্রাংক আমরা করেছি সেটা হলো আমি আর আমার ফ্রেন্ড সামি। আমার মতবাদ হলো আমরা জাস্ট ফান করছি জিনিসটা কারণ ও ভয় পায় এরা জেনেই আমরা জাস্ট ফান করছি।’
আরেক অভিযুক্ত তাহরিমা আক্তার ওমি বলেন, ‘সরি, এ ব্যাপারে আমি ইনভলভ না, ওর সাথে আমরা একটু মজা করেছি, এ ব্যাপারে আমাদের প্রক্টর স্যার আছেন, ওনার সাথে আমরা কথা বলেছি অলরেডি, ব্যাপারটা সলভের দিকে যাচ্ছে। আমরা ওর কাছে গেছিলাম, ওর অবস্থা আসলেই খারাপ ছিল, কিন্তু ব্যাপারটা এত বড় হবে একচুয়ালি এটা আমরা ধারণা-ই করতে পারি নাই এবং ও যখন ভয় পাইছে, আমরা তখন কনসোলও করছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, ‘এটি নিয়ে আজ সকালে ওই হলে দুই পক্ষই বসেছে, অভিযুক্তরা ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়েছে। উভয় পক্ষের সম্মতিতে বিষয়টি সমাধান হয়েছে।’