প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ গ্রহণ করেছেন রাকসুর ক্রীড়া সম্পাদক ও জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মোছা. নার্গিস খাতুন © সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ গ্রহণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ক্রীড়া সম্পাদক ও জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মোছা. নার্গিস খাতুন। ক্রীড়া উন্নয়নে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়।
শরিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১১ অক্টোবর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব-০১ শাখা থেকে পাঠানো এক চিঠিতে নার্গিস খাতুনকে পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করার বিষয়টি জানানো হয়। তিনি ‘ক্রীড়া উন্নয়ন’ ক্যাটাগরিতে এ মনোনয়ন পান।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে নার্গিস খাতুন বলেন, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬-এর ক্রীড়া উন্নয়ন ক্যাটাগরিতে রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করা আমার জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। এ উদ্যোগ গ্রহণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক স্যারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
নার্গিস খাতুন রাকসু নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত একমাত্র প্রার্থী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় হিসেবেও দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখছেন।