ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এক বিজ্ঞপ্তিতে ৩৩ ভুল!

৩০ জুন ২০২৪, ১০:১৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৩ PM
ঢাবি শিক্ষক সমিতির বিজ্ঞপ্তি

ঢাবি শিক্ষক সমিতির বিজ্ঞপ্তি © সংগৃহীত

সর্বজনীন পেনশন স্কিমসংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় গণমাধ্যমে। আজ রবিবার (৩০ জুন) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে ৩৩টি বানান ভুল ও অসংগতি লক্ষ্য করা গেছে। এমনকি কয়েকটি লাইনে ছিল একাধিক ভুল। 

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মতো সংগঠনে এমন অসংগতি ও বানান ভুল ভীষণভাবে অপ্রত্যাশিত ও লজ্জার বিষয় বলছেন অনেকেই। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে আলোচনা-সমালোচনা।

শুদ্ধ বানানচর্চা বা শুবাচ ফেসবুকভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই সংবাদ বিজ্ঞপ্তিতে ৩৩টি অসংগতি ও বানান ভুল চিহ্নিত করা হয়েছে। শুবাচের প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ আমীন এসব অসংগতি ও বানান ভুল চিহ্নিত করেছেন।

ঢাবির বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মুসাদ্দিক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষক সমিতির এক বিজ্ঞপ্তিতে ৩৩টি ভুল সাধারণ মানুষের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান যথেষ্ট ক্ষুণ্ন করেছে, যা শিক্ষার্থী হিসেবে আমাদেরকে দারুণভাবে আহত করেছে। বানান ভুল হওয়ার পেছনে দুটি কারণ থাকতে পারে- প্রথমত, বাংলা একাডেমি তাদের খেয়াল-খুশিমতো বানানের নিয়ম যখন তখন পরিবর্তন করে, যে কারণে এই ভুলটি হয়ে থাকতে পারে। দ্বিতীয়ত, বিজ্ঞপ্তিটি যিনি তৈরি করেছেন তিনি যথেষ্ট সচেতনতা অবলম্বন করেননি।

“দুইটি দিকই আমাদের জন্য অত্যন্ত বিষাদের। শিক্ষকরাই যদি বানান ভুল করেন, তাহলে শিক্ষার্থীরা কী শিখবে? দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের ভুল কখনোই কাম্য নয়। আমরা আশা রাখবো শিক্ষক সমিতি দ্রুত সময়ের মধ্যে তাদের বিজ্ঞপ্তিটি সংশোধন করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে।”

এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়ার সঙ্গে এই প্রতিবেদক যোগাযোগ করলে তিনি মিটিংয়ে রয়েছেন বলে কোনো মন্তব্য করেননি।

ঢাবি শিক্ষক সমিতির বিজ্ঞপ্তি

শুদ্ধীকরণ:
১) ১৬ আষাঢ়>১৬ই আষাঢ় [বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের পরিশিষ্ট ‘গ’-এ বাংলা তারিখ ও সময় লেখার নিয়ম বিধৃত। এখানে বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে: “অ্যাক বৈশাখ, অ্যাগারো জ্যৈষ্ঠ, শোলো ডিসেম্বর, পোঁচিশ বৈশাখ প্রভৃতি উচ্চারণ অশুদ্ধ। শুদ্ধ ও মান্য রীতি: পয়লা বৈশাখ, অ্যাগারোই জ্যৈষ্ঠ, শোলোই ডিসেম্বর, পোঁচিশে বৈশাখ প্রভৃতি।]

২) ৩০ জুন>৩০শে জুন [প্রাগুক্ত]

৩) ১ জুলাই> ১লা জুলাই [প্রাগুক্ত]

৪) নিবেন> নেবেন

৫) স্কিম সংক্রান্ত> স্কিমসংক্রান্ত [‘-সংক্রান্ত’ সর্বদা সংশ্লিষ্ট শব্দের পর সেঁটে বসে। দেখুন: বাআবাঅ, পৃষ্ঠা: ১২৬৪]

৬) দাবীতে> দাবিতে [ দাবি+তে= দাবিতে। ‘দাবি’ আরবি উৎসের শব্দ। বিদেশি উৎসের শব্দের বাংলা বানানে ঈ-কার পরিহার্য।]

৭) ১ জুলাই> ১লা জুলাই [প্রাগুক্ত]

৮) নিম্নরূপ;> নিম্নরূপ:/ নিম্নরূপ —

৯) ক্লাশ> ক্লাস

১০) অনলাইন> অনলাইন ক্লাস [ ‘অনলাইন’ নয়; অনলাইন ক্লাস। অন্যগুলোর সঙ্গে ‘ক্লাস’ লেখা হয়েছে।]

১১) সান্ধ্যকালীন> সান্ধ্য/সন্ধ্যাকালীন [‘সান্ধ্য’ শব্দের অর্থ সন্ধ্যাকালীন। সুতরাং, ‘সান্ধ্যকালীন’ কথাটি ভুল ও বাহুল্য। ]

১২) ক্লাশ> ক্লাস

১৩) কোর্সের ক্লাশ> কোর্সের ক্লাস

১৪) কোন> কোনো [ ‘কোন’ যখন সর্বনাম হিসেবে ব্যবহৃত হয় তখন এর অর্থ— কী, কে, কোনটি ( কোন দিন, কোনটি চাই, কোন জন)। ক্রিয়াবিশেষণ হিসেবে অর্থ— কী প্রকারে, কীভাবে, কীসে (তুমিই বা কোন ভালো শুটার)। এটি কোনও বা কোনও শব্দের সমার্থক নয়। ‘কোনো’ অর্থ— অনির্দিষ্ট বা অনির্ধারিত একজন লোক বিষয় বা বস্তু, কে বা কী (কোনো বিষয়), বহুর মধ্যে একটি বা একজন।]

১৫) একাডেমিক> অ্যাকাডেমিক [বাংলা উচ্চারণে রোমান a-বর্ণের /æ/ উচ্চারণরূপের বাংলা প্রতিবর্ণ হলো অ্যা বা ্যা। রোমান ‘a’-এর প্রতিবর্ণীকরণ বর্ণপদ্ধতিতে হয় না, ধ্বনিপদ্ধতিতে হয়। ইংরেজি বা ইংরেজির মাধ্যমে আগত বিদেশি শব্দের উচ্চারণে যদি /æ/ ধ্বনি থাকে তাহলে বাংলা বানানে অ্যা বা ্যা-কার হবে।]

১৬) নবীন বরণ> নবীনবরণ [স. নবীন+বরণ]।

১৭) গ্রহন> গ্রহণ [ণত্ববিধিমতে ‘ণ’ অপরিহার্য।]

১৮) কোন> কোনো [প্রাগুক্ত]

১৯) ইন্সস্টিটিউটের> ইনস্টিটিউটের/ইন্সটিটিউটের [Institute]

২০) ইন্সস্টিটিউটের অফিস> ইনস্টিটিউটের অফিস/ইন্সটিটিউটের অফিস

২১) ক্লাশ> ক্লাস

২২) সান্ধ্যকালীন> সান্ধ্য/সন্ধ্যাকালীন

২৩) ক্লাশ> ক্লাস

২৪) কোন> কোনো [প্রাগুক্ত]

২৫) লাইব্রেরী> লাইব্রেরি [বিদেশি শব্দের বাংলা বানানে ঈ-কার পরিহার্য।]

২৬) সারথী> সারথি [সারথি= √সৃ+ণিচ্‌+অথি। বানানে ঈ-কার হওয়ার সুযোগ নেই।]

২৭) ম্যানডেট> ম্যান্ডেট

২৮) স্বায়ত্বশাসনে> স্বায়ত্তশাসনে [স্ব+আয়ত্ত+শাসন= স্বায়ত্তশাসন।]

২৯) বিশ্ববিদ্যালয় শিক্ষকদের> বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের/বিশ্ববিদ্যালয়-শিক্ষকদের

৩০) অর্ন্তভূক্তি> অন্তর্ভুক্তি [‘ভুক্তি’ বানানে ঊ-কার পরিহার্য।]

৩১) অর্ন্তভূক্তি> অন্তর্ভুক্তীকরণ [ আন্দোলনকারীগণ অন্তর্ভুক্ত হননি, তাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এজন্য আন্দোলন।]

৩২) অন্তর্ভূক্তির> অন্তর্ভুক্তির [প্রাগুক্ত]

৩৩) দাবী> দাবি [‘দাবি’ আরবি উৎসের শব্দ। বিদেশি উৎসের শব্দের বাংলা বানানে ঈ-কার পরিহার্য।]

‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল হবে বাংলাদেশ: স্…
  • ১৩ জুলাই ২০২৬
অতিবৃষ্টির হাত থেকে বাঁচতে যে দোয়া করতেন মহানবী (স.)
  • ১৩ জুলাই ২০২৬
স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন ১ আগস্ট পর্যন্ত
  • ১৩ জুলাই ২০২৬
সরকারি হলো আরও এক স্কুল
  • ১৩ জুলাই ২০২৬
কমিউনিটি ক্লিনিকে ৫৪০ পদ শূন্য, সরঞ্জাম দেবে জাইকা: স্বাস্থ…
  • ১৩ জুলাই ২০২৬
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশেরও বেশি নেন না কোনো চিক…
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence