সর্বজনীন বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরাম © টিডিসি সম্পাদিত
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফলাফল প্রকাশ, শতভাগ উৎসব ভাতা প্রদান এবং নবম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসাইন আজিজী এ কর্মসূচি ঘোষণা করেছেন।
এদিকে, ঘোষিত কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সর্বজনীন বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরাম। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সমর্থনের কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন মুখ্য সমন্বয় মোঃ রফিকুল ইসলাম ইসলাম, মোঃ আতিকুল ইসলাম, মোঃ তোফায়েল আহমেদ, মোঃ আসিফ আলী, মোঃ মশিউর রহমান, মোঃ আবু নাসের এবং মোঃ আজিজুর রহমান এ সমর্থনের কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণে ঘোষিত এ যৌক্তিক কর্মসূচি সফল করতে সর্বজনীন বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামের সব শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের এ আন্দোলনে তাদের পূর্ণ সমর্থন রয়েছে।