ওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সভা স্থগিত

০৪ জুলাই ২০২৪, ১০:০৬ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ PM

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা দূর করতে আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভা হওয়ার কথা ছিল। তবে সেই সভা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) সকাল ১০টায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওবায়দুল কাদেরের সঙ্গে আমাদের সভা হওয়ার কথা ছিল। তবে সেটি স্থগিত করা হয়েছে। সভা কবে তা পরবর্তীতে জানানো হবে। 

এদিকে গতকাল বুধবার ছাত্রলীগের সাবেক এক নেতার মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেছেন শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া।

এ বিষয়ে নিজামুল হক ভূইয়া গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না আমাকে ফোন করেছিলেন। তিনি আমাকে বললেন, “আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে একটু কথা বলুন।” ওবায়দুল কাদের সাহেব আমাকে বললেন, “আপনারা যে আন্দোলনটা করছেন, শিক্ষার্থীদের এভাবে...।”’

ওবায়দুল কাদের ডেকেছেন উল্লেখ করে নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘আমি তাঁর (ওবায়দুল কাদের) কাছে আমাদের আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরলাম। তিনি বললেন, “আপনারা আরও দু-তিনজন শিক্ষকসহ সন্ধ্যায় আসুন।” আমি বললাম, আমার ফেডারেশন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। তিনি বললেন, “ঠিক আছে।” তবে বেশি লোকজন না নিয়ে যেতে অনুরোধ করেছেন, যাতে কথা বলতে সুবিধা হয়। এখন আমরা নিজেরা বসে সিদ্ধান্ত নেব।’

এর আগে গত ৩০ জুন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ফটকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতির ঘোষণা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া। সেই ঘোষণার পর ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি চলছে।

হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ‘ইমেরিটাস অধ্যাপক’ নিয়োগ বাতিল,…
  • ২৫ জুন ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে মোবাইলে সতর্কবার্তা গুগলের, ফোন …
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, চলছে রুট মেরামত
  • ২৫ জুন ২০২৬
১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা 
  • ২৫ জুন ২০২৬
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ…
  • ২৫ জুন ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
  • ২৫ জুন ২০২৬