ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ AM
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের মোটরসাইকেল আটক কেন্দ্র করে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন নেতাকর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এসপি কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শহরের নিউমার্কেট এলাকার একটি চেকপোস্টে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র পরীক্ষা করেন দায়িত্বরত উজ্জ্বল কুমারসহ অন্য সদস্যরা। পুলিশ জানায়, মোটরসাইকেলটির নিবন্ধন না থাকায় সেটি আটক করা হয় এবং এতে ঘটনাস্থলেই পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান আক্তার।

তবে গাড়িটি নিবন্ধিত দাবি করে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার বলেন, ‘প্রথমে আমার গাড়ির চাবি এবং পরে মোবাইল ফোন কেড়ে নেয় ট্রাফিক পুলিশ। আমরা ওই ট্রাফিক পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ জানাতেই এসপি অফিসের সামনে জড়ো হয়েছিলাম, আমাদের বিক্ষোভ করার উদ্দেশ্য ছিল না।’

ঘটনার পর অর্ধশতাধিক নেতাকর্মী এসে এসপি কার্যালয়ের প্রধান ফটক ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। এ সময় ভেতরে থাকা পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। অবস্থানকালে খবর সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেওয়া এবং ধারণ করা ভিডিও মুছে ফেলার জন্য চাপ সৃষ্টির অভিযোগও ওঠে নেতাকর্মীদের বিরুদ্ধে।

পরে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ ঘটনাস্থলে গিয়ে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান,  নিয়মিত অভিযানের অংশ হিসেবে গাড়িটি আটক করা হয়েছিল। আক্তারুজ্জামানের মোটরসাইকেলটির কাগজপত্র ছিল না। পুলিশের টিএসআই উজ্জ্বল কুমার চেকপোস্টে মোটরসাইকেলটি থামার সংকেত দেন। এ সময় টিএসআইয়ের সঙ্গে আক্তারের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মোটরসাইকেলটি আটক করা হয়। এর প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন।

আরও পড়ুন: দুর্গাপূজায় কারও ৩ দিন, কারও ১৬, কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি?

তিনি আরও বলেন, সেখানে ৫০ থেকে ৬০ জন ছাত্রদল নেতাকর্মী ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ কিছুটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেন এবং পুলিশের সঙ্গে খারাপ ভাষায় কথা বলেন। পরে তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে বলেও উল্লেখ করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম জানান, পুরো ঘটনাটি ভুল-বোঝাবুঝি থেকে ঘটেছে এবং আলোচনার ভিত্তিতে সমাধান করা হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের কাজে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটে থাকলে সেটি অনাকাঙ্ক্ষিত ও ভুল ছিল বলে তিনি স্বীকার করেন।

বিদেশে কারাবন্দি বাংলাদেশিদের মুক্তি ও প্রতিটি মৃত্যুর পূর্…
  • ২৭ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যা, বিএনপির এমপির ছেলে ৩ দিনের রিমান্ডে 
  • ২৭ অক্টোবর ২০২৬
স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি, আ…
  • ২৭ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রায় ৫০০ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যস…
  • ২৭ অক্টোবর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না
  • ২৭ অক্টোবর ২০২৬
নির্বাচনের আগ মুহূর্তে ইরানে হামলা করতে চেয়েছিলেন নেতানিয়াহ…
  • ২৭ অক্টোবর ২০২৬