চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ AM
ঘূর্ণিঝড়ের আভাস

ঘূর্ণিঝড়ের আভাস © সংগৃহীত

চলতি বছরে এখনও বিদায় নেয়নি বর্ষাবাহী মৌসুমি বায়ু। অক্টোবরের শুরুতেও এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। তবে আগামী ১০ অক্টোবরের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে অক্টোবরের শেষ দিকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। এরই মধ্যে চলতি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১ অক্টোবর) অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মোমিনুল ইসলাম স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি এক মাসের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ মাসে ভারী বৃষ্টিপাত হলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদ-নদীর পানি সাময়িকভাবে দ্রুত বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, অক্টোবরের প্রথমার্ধের মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। এরপর বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। মাসের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রাও ধীরে ধীরে কমতে পারে। একই সঙ্গে চলতি মাসে দেশে তিন থেকে চার দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে অক্টোবরের শুরুতেই কেন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আর কতদিন চলতে পারে এবং বৃষ্টিপাত কমে আসার পূর্বাভাসের মধ্যেই কেন ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা বলা হচ্ছে—এ নিয়ে আবহাওয়াবিদদের ব্যাখ্যাও রয়েছে।

বাংলাদেশের প্রেক্ষাপটে অক্টোবর হলো বর্ষা শেষ হয়ে শুষ্ক মৌসুম শুরুর সময়। এ সময় বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু ধীরে ধীরে বিদায় নিতে শুরু করে। একই সঙ্গে শীতের আবহাওয়ার সঙ্গে সম্পর্কিত পশ্চিমা বায়ু বা ওয়েস্টার্লির প্রভাব বাড়তে থাকে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, বাংলাদেশের ওপর এখনো মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। সাধারণত অক্টোবরের প্রথম ১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করে। তবে এবার এখনো এর প্রবাহ রয়েছে।

তিনি বলেন, সম্প্রতি মিয়ানমার ও বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কাছাকাছি এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ পরে নিম্নচাপে পরিণত হয়েছিল। এর কারণে মৌসুমি বায়ুর স্বাভাবিক প্রবাহ কিছুটা বাধাগ্রস্ত হয়। নিম্নচাপটি নিষ্ক্রিয় হয়ে গেলেও মৌসুমি বায়ুর প্রবাহ এখনো পুরোপুরি বন্ধ হয়নি।

অন্যদিকে পশ্চিমা বায়ুও ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়াবিদ কবির বলেন, মৌসুমি বায়ুর প্রবাহ চলে গেলে পশ্চিমা বায়ু আসবে এবং এর প্রভাবে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ, এই দুই ধরনের বায়ু এখন জায়গা দখলের চেষ্টা করছে।

তিনি বলেন, এ কারণে এখন মৌসুমি বায়ুর প্রবাহ থাকলেও সেটি তুলনামূলকভাবে দুর্বল। এর সঙ্গে বিক্ষিপ্তভাবে জলীয় বাষ্প আসছে। এগুলোর কারণে বিভিন্ন জায়গায় মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতি আরও চার থেকে পাঁচ দিন থাকতে পারে। এ সময় দেশের পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকবে।

বিশেষ করে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় রংপুর ও রাজশাহী বিভাগ তুলনামূলকভাবে শুষ্ক থাকতে পারে। তবে পরে রংপুর ও রাজশাহীতেও এক থেকে দুই দিনের জন্য বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

এরপর সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে আসবে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, অক্টোবরের ১০ তারিখের পর থেকেই বৃষ্টি কমবে। তখন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কারণ বৃষ্টি কমলেও সূর্য এখনো খুব বেশি দক্ষিণে সরে যায়নি। তবে অক্টোবরের শেষ দিকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে।

এবার শীতের শুরুতে তাপমাত্রা অন্য বছরের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে বলেও জানান তিনি। তার ভাষ্য, এল নিনোর কারণে এ বছর বিশ্বব্যাপী ‘ওয়ার্ম উইন্টার’ বা তুলনামূলক উষ্ণ শীত হতে পারে। অর্থাৎ তাপমাত্রা খুব বেশি কমবে না। অন্যান্য বছর বৃষ্টির পরপরই তাপমাত্রা কমতে দেখা গেলেও এবার তাপমাত্রা কমতে কিছুটা সময় লাগতে পারে।

বৃষ্টি কমলেও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কেন

আবহাওয়া অধিদপ্তরের মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে সম্ভাব্য কোনো ঘূর্ণিঝড় কোথায় সৃষ্টি হবে, এর গতিপথ কী হবে কিংবা বাংলাদেশে এর প্রভাব পড়বে কি না—এখনই তা নির্দিষ্ট করে বলার সুযোগ নেই।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, বাংলাদেশে সাধারণত মৌসুমি বায়ু আসার আগে এবং মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পরের সময়টিতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির প্রবণতা থাকে। এখন যেহেতু মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় এসেছে, তাই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির জন্য এটি স্বাভাবিক একটি সময়।

তিনি বলেন, অক্টোবরে মৌসুমি বায়ু বিদায় নেয়। তাই স্বাভাবিকভাবেই এটি ঘূর্ণিঝড়ের সময়। বিগত বছরগুলোতেও অক্টোবর-নভেম্বরে বাংলাদেশে বড় বড় ঘূর্ণিঝড় হয়েছে। অর্থাৎ, অক্টোবরে বৃষ্টি কমে আসার সঙ্গে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকার মধ্যে কোনো অসঙ্গতি নেই। বরং মৌসুমি বায়ু বিদায়ের এই সময়েই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির প্রবণতা থাকে।

এবার বর্ষার ধরন ছিল ভিন্ন

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার বর্ষার বৃষ্টির ধরন কিছুটা আলাদা ছিল। গত তিন-চার বছরে বর্ষাকালের শুরুর দিকে তুলনামূলক কম বৃষ্টি হলেও সেপ্টেম্বর-অক্টোবরে বৃষ্টির পরিমাণ বেড়েছিল। কিন্তু এবার জুন, জুলাই ও আগস্টে প্রচুর বৃষ্টি হয়েছে। সেপ্টেম্বরেও কিছুটা বৃষ্টি হয়েছে এবং তখন থেকেই বৃষ্টির প্রবণতা কমতে শুরু করেছে।

তিনি বলেন, গত তিন-চার বছরের তুলনায় এবার ব্যতিক্রমধর্মী অবস্থা দেখা গেছে। জুন থেকে আগস্ট বাংলাদেশের বৃষ্টিবহুল মাস। কিন্তু কয়েক বছর এ সময়ে একেবারেই বৃষ্টি হয়নি, পরে গিয়ে বৃষ্টিপাত হয়েছে। এবার প্রকৃতি তার নিয়ম অনুসরণ করেছে। তিনি মনে করেন, এটি ইতিবাচক। তবে এল নিনোর প্রভাবে শেষ দিকে এ বছর বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

অক্টোবরে বৃষ্টি অস্বাভাবিক নয়

অক্টোবরে বৃষ্টি হওয়া বাংলাদেশে অস্বাভাবিক নয়। আবহাওয়া অধিদপ্তরের বিগত বছরগুলোর তথ্যেও অক্টোবর মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের নজির রয়েছে।বাংলাদেশে সাধারণত অক্টোবর মাসে গড়ে ১০ হাজার ৪৪৭ মিলিমিটার বৃষ্টি হয়। তবে গত বছরের অক্টোবরে সারা দেশে মোট ৮ হাজার ৭৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এটি স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় ৩০ দশমিক ৫ শতাংশ কম ছিল। ওই মাসে শুধু ঢাকা বিভাগে ১ হাজার ৫১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে মৌসুমি বায়ু বিদায় নেয়। ফলে এ সময়টায় বৃষ্টিপাত হয়।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬