বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরেক ঘূর্ণিঝড়, যা জানালেন আবহাওয়াবিদরা 

২৯ নভেম্বর ২০২৬, ১১:০৯ AM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, ১১:১২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। গত এক মাসে অর্ণব, মুরাসু ও আকভান—পরপর তিনটি ঘূর্ণিঝড়ের পর এবার দক্ষিণ আন্দামান সাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘কানি’। নামটি প্রস্তাব করেছে মালদ্বীপ।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার (২৯ নভেম্বর) নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ২ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে শক্তি বাড়িয়ে আরও ঘনীভূত হতে পারে আবহাওয়াগত এই সিস্টেম।

তবে শেষ পর্যন্ত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিভিন্ন আবহাওয়া মডেলের পূর্বাভাসে এ নিয়ে ভিন্নতা রয়েছে। কিছু মডেলের মতে, সমুদ্রের ওপরেই শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়তে পারে নিম্নচাপটি।

অন্যদিকে, সিস্টেমটি শক্তিশালী হলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে যেতে পারে। তবে আপাতত পশ্চিমবঙ্গ উপকূলে সরাসরি আঘাত হানার কোনো আশঙ্কার কথা জানানো হয়নি।

এদিকে, সম্ভাব্য ঘূর্ণাবর্তের প্রভাবে ভারতের দক্ষিণবঙ্গের আবহাওয়ায় সাময়িক পরিবর্তন আসতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে টানা দুই দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে। এ সময় সর্বোচ্চ ও সর্বনিম্ন—উভয় তাপমাত্রাই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি থেকে বেড়ে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা ২৬ ডিগ্রি থেকে বেড়ে ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ফলে কয়েক দিনের জন্য শীতের আমেজ কিছুটা কমতে পারে।

তবে এই উষ্ণতা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ৩ ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গে আবার তাপমাত্রা কমতে পারে। ৪ ডিসেম্বর নাগাদ সেখানে শীতের আমেজ ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

এভিয়েশন ও ভ্রমণ কনটেন্টে অবদানের স্বীকৃতি, ইনফ্লুয়েন্সার …
  • ২৯ নভেম্বর ২০২৬
জাজিরায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ
  • ২৯ নভেম্বর ২০২৬
বরিশালে নৈরাজ্য ঠেকাতে রাতভর বিএনপির পাহারা, কঠোর হুঁশিয়ারি
  • ২৯ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরেক ঘূর্ণিঝড়, যা জানালেন আবহাওয়াবিদ…
  • ২৯ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তি হতে চান আড়াই লাখ শিক্ষার্থী, এক ইউনিটে আসনপ্রত…
  • ২৯ নভেম্বর ২০২৬
পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ, আটক ৪
  • ২৯ নভেম্বর ২০২৬